আইনি লড়াই পেরিয়ে অবশেষে বিদেশ যাত্রা! ৩ সপ্তাহের জন্য দেশ ছাড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

একাধিক আইনি জটিলতা এবং দীর্ঘ টানাপড়েনের অবসান ঘটিয়ে অবশেষে চিকিৎসার উদ্দেশ্যে তিন সপ্তাহের জন্য বিদেশ যাত্রা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। চোখের চিকিৎসার জন্য তাঁর এই বিদেশ সফর ঘিরে দীর্ঘদিন ধরেই আইনি লড়াই চলছিল। প্রথমে কলকাতা হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। শীর্ষ আদালত নির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে তাঁর বিদেশ যাওয়ার আবেদন মঞ্জুর করার পরই অবশেষে বৃহস্পতিবার সকালে আমেরিকার উদ্দেশ্যে রওনা দেন তিনি।
পূর্বঘোষিত সূচি অনুযায়ী, গত ২৮ আগস্টের সমস্ত রাজনৈতিক কর্মসূচি সফলভাবে শেষ করে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বিদেশ যাওয়ার কথা ছিল তাঁর। সেই পরিকল্পনা মতোই বুধবার রাতে দিল্লি পৌঁছেছিলেন তিনি এবং আজ বৃহস্পতিবার সকালেই তিনি দেশ ছেড়ে বিদেশের মাটিতে পাড়ি দেন। বর্তমানে তাঁর এই বিদেশ যাত্রা এবং চোখের চিকিৎসা সংক্রান্ত পরবর্তী প্রক্রিয়া ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে।