আর কারচুপি নয়! এআই রিলস ও ভিডিওর আসল সত্য ধরতে কোন বিরাট ঘোষণা করল ইনস্টাগ্রাম?

সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা জেনারেটিভ এআই-এর রমরমা বাজার। ইনস্টাগ্রামে হু হু করে বাড়ছে এআই-জেনারেটেড প্রোফাইলের সংখ্যা, যেখান থেকে প্রতিদিন নিয়ম করে এআই-নিয়ন্ত্রিত লং ভিডিও বা রিলস আপলোড করা হচ্ছে। বর্তমান প্রজন্মের আধুনিক এআই মডেলগুলি এতটাই উন্নত ও ক্ষমতাসম্পন্ন যে, আসল মানুষের তৈরি ভিডিও এবং এআই-এর সৃষ্টি করা ভিডিওর মধ্যে পার্থক্য করা সাধারণ ব্যবহারকারীদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এর ফলে সোশ্যাল মিডিয়ায় একদিকে যেমন ভুল বার্তা বা ফেক কনটেন্ট ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ছে, অন্যদিকে সাধারণ ইউজাররাও চরম বিভ্রান্তির শিকার হচ্ছেন। ব্যবহারকারীদের এই বিভ্রান্তি দূর করতে এবং প্ল্যাটফর্মে স্বচ্ছতা বজায় রাখতে এবার একগুচ্ছ কঠোর নতুন নিয়মের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল মেটার জনপ্রিয় ছবি ও ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম।

সম্প্রতি ইনস্টাগ্রামের অফিসিয়াল ব্লগপোস্টে ‘Bringing More Transparency to AI-Generated Profiles on Instagram’ শিরোনামে একটি বিশেষ নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। ওই পোস্টে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে, যে সমস্ত ক্রিয়েটর বা ব্যবহারকারী তাঁদের অ্যাকাউন্ট বা পেজ থেকে নিয়মিত এআই-জেনারেটেড কনটেন্ট আপলোড করছেন, তাঁদের প্রোফাইলে বাধ্যতামূলকভাবে ‘AI Generated Profile’ লেবেলটি অন বা চালু রাখতে হবে। অতীতে এই ফিচারটি ‘AI Creator’ নামে পরিচিত থাকলেও, বর্তমান বাস্তব পরিস্থিতি বিচার করে এর নাম পরিবর্তন করে আরও স্পষ্ট অর্থে ‘AI Generated Profile’ রাখা হয়েছে। ইনস্টাগ্রামের পক্ষ থেকে কঠোর সতর্কবার্তা দিয়ে জানানো হয়েছে, যদি কোনো কনটেন্ট ক্রিয়েটর বা পেজ এই বাধ্যতামূলক লেবেলটি চালু না রাখেন, তবে অ্যালগরিদমের মাধ্যমে ওই নির্দিষ্ট প্রোফাইলের রিচ নাটকীয়ভাবে কমিয়ে দেওয়া হবে। অর্থাৎ, তাঁদের পোস্ট আর আগের মতো সহজে ব্যবহারকারীদের ফিডে পৌঁছবে না।

এই বিরাট পরিবর্তনের পেছনে মূল উদ্দেশ্য সম্পর্কে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ জানিয়েছে যে, তারা তাদের কোটি কোটি ব্যবহারকারীর কাছে সবসময় নিখুঁত, নির্ভরযোগ্য এবং সঠিক কনটেন্ট পৌঁছে দিতে সর্বোচ্চ প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমান সময়ে কিছু অতি-উন্নত এআই মডেল যেভাবে নিখুঁতভাবে মানুষ সদৃশ ভিডিও ও রিল তৈরি করছে, তাতে আসল ও মেকি কনটেন্টের তফাত করা কঠিন হয়ে পড়ছে। এই সমস্যাটির স্থায়ী সমাধানের জন্যই ইনস্টাগ্রামে এই নতুন ফিচার আপডেট আনা হয়েছে। নতুন এই নিয়ম কার্যকর হলে সংশ্লিষ্ট এআই প্রোফাইল থেকে আপলোড করা ছবি, সাধারণ পোস্ট, রিল কিংবা স্টোরি—যাবতীয় কনটেন্টেই স্পষ্ট অক্ষরে ‘AI Generated Profile’ লেবেলটি ভেসে উঠবে। এর ফলে কোনো প্রোফাইল থেকে যখন কোনো কনটেন্ট ফলোয়ার কিংবা নন-ফলোয়ার্সদের কাছে রেকমেন্ড করা হবে, তখন ব্যবহারকারী প্রথম দেখঝুঝেই বুঝতে পারবেন যে কনটেন্টটি কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি।

ইনস্টাগ্রাম তাদের অফিসিয়াল ব্লগে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে জানিয়েছে, বর্তমানে জেনারেটিভ এআই-এর মাধ্যমে ইন্টারনেটে একটি বিশাল অংশের কনটেন্ট তৈরি হচ্ছে। তবে গবেষণায় দেখা গেছে, মানুষ ভেবে কোনো কনটেন্ট দেখার পর যদি পরে বুঝতে পারে যে তা এআই-নিয়ন্ত্রিত এবং তা আগে থেকে জানানো হয়নি, তবে ব্যবহারকারীরা চরম অসন্তুষ্ট হন। স্বচ্ছতা বজায় থাকলেই কেবল ব্যবহারকারীরা এ ধরনের কনটেন্ট পছন্দ করেন। এই কারণে ইনস্টাগ্রাম সাফ জানিয়ে দিয়েছে যে, কোনো প্রোফাইলে এই আবশ্যিক ট্যাগ বা লেবেল না থাকলে কঠোরহস্তে তার রিচ কমিয়ে দেওয়া হবে। সোশ্যাল মিডিয়া বিশেষজ্ঞদের মতে, মেটার এই কড়া পদক্ষেপে ইনস্টাগ্রামে ভুয়া ও বিভ্রান্তিকর এআই কনটেন্টের দৌরাত্ম্য অনেকটাই কমবে এবং সাধারণ ব্যবহারকারীরা সাইবার দুনিয়ায় অনেক বেশি সুরক্ষিত থাকবেন।