টেক দুনিয়ায় ফের ছাঁটাইয়ের খাঁড়া! ভারতে একসঙ্গে ৩০০০ কর্মী ছাঁটাই করতে চলেছে এই নামী সংস্থা

প্রযুক্তি দুনিয়ায় ফের এক বড়সড় ধাক্কা। চাকরি হারাতে চলেছেন ভারতের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কর্মরত হাজার হাজার কর্মী। বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং ক্লাউড কম্পিউটিংয়ের দৌড় বাড়ার ফলেই একের পর এক টেক জায়ান্ট কোম্পানি কর্মী ছাঁটাইয়ের মতো কঠোর সিদ্ধান্তের পথ বেছে নিচ্ছে। এই তালিকায় এবার নাম জুড়ল আমেরিকার নামী প্রযুক্তি সংস্থা ওরাকলের (Oracle)।

বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, টেক জায়ান্ট ওরাকল ভারতে প্রায় ৩,০০০ কর্মীকে ছাঁটাই করার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। সংস্থার গ্লোবাল অপারেশন এবং পুনর্গঠন পরিকল্পনার জেরে ভারতের বাজারে এর বড় প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। মূলত ইঞ্জিনিয়ারিং, ক্লাউড সার্ভিস এবং টেকনোলজি সাপোর্টের মতো গুরুত্বপূর্ণ বিভাগগুলিতে কাজ করা কর্মীরাই এই ছাঁটাইয়ের মূল লক্ষ্যের মধ্যে রয়েছেন। সংস্থার অন্দরে কান পাতলে ৭,০০০ থেকে ১০,০০০ পর্যন্ত কর্মী ছাঁটাইয়ের জল্পনাও শোনা যাচ্ছে।

ওরাকলের পাশাপাশি বিশ্বের অপর এক প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটও তাদের ভারতীয় শাখার প্রায় ৪০০ থেকে ৫০০ কর্মীকে পারফরম্যান্স ইমপ্রুভমেন্ট প্ল্যান (PIP)-এর আওতায় নিয়ে এসেছে। এর ফলে ওই কর্মীদের কর্মক্ষমতা পর্যালোচনার মুখে পড়েছে, যা আইটি সেক্টরের কর্মচারীদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। এর আগেও আন্তর্জাতিক স্তরে লক্ষাধিক কর্মী ছাঁটাই করেছিল এই সংস্থাগুলি। এআই প্রযুক্তির ব্যাপক অনুপ্রবেশ এবং খরচ কমানোর নীতিই যে বর্তমান প্রজন্মের টেক কর্মীদের মাথার ওপর থেকে স্থায়ী চাকরির নিরাপত্তা কেড়ে নিচ্ছে, তা বলাই বাহুল্য।