২৫ কোটির সোনা উদ্ধার! ভারত-বাংলাদেশ সীমান্তে বিশাল পাচারচক্রের হদিশ দিল বিএসএফ

নদীয়ার ভারত-বাংলাদেশ সীমান্তে ফের এক বিরাট চোরাচালানের চেষ্টা বানচাল করল বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ। বিএসএফের ৩২ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা গোপন সূত্রে খবর পেয়ে বানীপুর সীমান্তবর্তী এলাকায় একটি বিশেষ অভিযান চালান। দীর্ঘক্ষণ সুনির্দিষ্ট নজরদারির পর এক সন্দেহজনক মহিলার গতিবিধি লক্ষ্য করে তাঁকে আটক করা হয়। এরপরে তাঁর কাছ থেকে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় মোট ১৫ কেজি ৬০৭ গ্রাম সোনা। বিএসএফ সূত্রে জানানো হয়েছে যে, উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ কোটি ৯৫ লক্ষ ৫৬ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আটক ওই মহিলাকে জেরা করে এই আন্তর্জাতিক পাচারচক্রের মূল মাথাদের খোঁজ শুরু করেছেন গোয়েন্দারা। সোনাগুলি ঠিক কোথা থেকে আনা হচ্ছিল এবং দেশের ঠিক কোথায় তা পাচার করার পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। সীমান্তে চোরাচালানের এই নজিরবিহীন ঘটনার পর নিরাপত্তা ও নজরদারি আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে বিএসএফ। অন্যদিকে, পৃথক একটি ঘটনায় শান্তিপুরের গোবিন্দপুর এলাকা থেকে রাজিব ফকির নামের এক ৩৩ বছর বয়সি বাংলাদেশি যুবককে আটক করেছে শান্তিপুর থানার পুলিশ. ২০২০ সালের করোনা মহামারীর সময় সে অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করেছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। প্রথমে উত্তর ২৪ পরগনার বনগাঁ এবং পরবর্তীতে শান্তিপুরে আত্মগোপন করে সে। বর্তমানে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর পাশাপাশি নিজ দেশে ফেরত পাঠানোর কঠোর পদক্ষেপ গ্রহণ করছে পুলিশ। একদিনে সীমান্ত এলাকায় সোনা উদ্ধার ও অনুপ্রবেশকারী আটকের ঘটনায় পুরো এলাক জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।