বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের ফুঁস! দক্ষিণ থেকে উত্তর—কোন কোন জেলায় ভারী দুর্যোগের লাল চোখ?

বঙ্গোপসাগরে সক্রিয় সুস্পষ্ট নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়া। গত রাত থেকেই কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে, যা আজ দিনভর বজায় থাকার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন উত্তর ওড়িশা উপকূলের উপর অবস্থানরত এই নিম্নচাপটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে এগোতে পারে। এর প্রভাবে আজ রাজ্যের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আজ কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। আগামী ২৪ ঘণ্টায় শহরে দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।

দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া ও বীরভূম জেলায় ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত) সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় জারি করা হয়েছে সতর্কতা। পাশাপাশি মালদা ও দুই দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।