পুজোর আগে সরকারি ব্যাঙ্কে চাকরির সুবর্ণ সুযোগ! প্রায় আড়াই হাজার শূন্যপদে শুরু হলো কর্মী নিয়োগ

শারদোৎসবের ঠিক আগে দেশের সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য এক বিরাট সুখবর নিয়ে এল ব্যাঙ্ক অফ বরোদা। সরকারি এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে বড়োসড়ো নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দীর্ঘদিন ধরে যারা ভালো বেতনে সরকারি চাকরি পাওয়ার স্বপ্ন দেখছেন, তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ। ব্যাংক অফ বরোদার পক্ষ থেকে প্রকাশিত এই নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গেও একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন।
ব্যাংক সূত্রে জানা গিয়েছে, এই দফায় মোট ২,৪৮২টি শূন্যপদে লোকাল ব্যাঙ্ক অফিসার (LBO) পদে নিয়োগ করা হবে। এর মধ্যে পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে ৪২টি নির্দিষ্ট শূন্যপদ। নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে ৪৮,৪৮০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৮৫,৯২০ টাকা পর্যন্ত মোটা অংকের বেতন পাবেন। এছাড়া নিয়ম অনুযায়ী নিযুক্তদের প্রথমে এক বছরের প্রবেশন বা প্রশিক্ষণ পর্বে রাখা হবে।
এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে, তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ক্ষেত্রে নির্দিষ্ট ছাড় পাবেন। শিক্ষাগত যোগ্যতা হিসেবে আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো শাখায় স্নাতক হতে হবে। পাশাপাশি, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দ্বিতীয় তফসিলে তালিকাভুক্ত যেকোনো শিডিউল্ড কমার্শিয়াল ব্যাঙ্কে অফিসার পদে অন্তত এক বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো, প্রার্থী যে নির্দিষ্ট রাজ্যের জন্য আবেদন করবেন, সেখানকার স্থানীয় ভাষায় লেখা, পড়া ও বলার ক্ষেত্রে পারদর্শী হতে হবে।
আগ্রহী প্রার্থীরা আগামী ৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট https://bankofbaroda.bank.in/career-এ গিয়ে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে। অসংরক্ষিত বা সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের জন্য আবেদনমূল্য ৮৫০ টাকা এবং সংরক্ষিত প্রার্থীদের জন্য ১৭৫ টাকা ধার্য করা হয়েছে। নিয়োগ প্রক্রিয়ার মধ্যে রয়েছে অনলাইন পরীক্ষা, সাইকোমেট্রিক টেস্ট, গ্রুপ ডিসকাশন এবং চূড়ান্ত ইন্টারভিউ। উৎসবের মরশুমের আগে এই চাকরির সুযোগ হাতছাড়া করতে না চাইলে এখনই অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালোভাবে দেখে দ্রুত আবেদন করে ফেলুন।