সরকারি কর্মীদের জন্য দারুণ খবর! ৩.৬১ না কি ৪.০০— কত হবে ফিটমেন্ট ফ্যাক্টর? জানুন নতুন বেসিক পে কত হতে পারে

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর। খুব শীঘ্রই বেতন বৃদ্ধির উদ্দেশ্যে সুপারিশ জমা দিতে চলেছে অষ্টম বেতন কমিশন (8th Pay Commission)। ২০২৫ সালের নভেম্বর মাসে গঠিত এই কমিশনের মেয়াদ আগামী সেপ্টেম্বর মাসে ১০ মাস পূর্ণ করতে চলেছে। বর্তমানে দেশের বিভিন্ন কর্মী সংগঠনের থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির পরিকাঠামো সংক্রান্ত প্রস্তাব গ্রহণ করছেন কমিশনের কর্তারা, যার ওপর ভিত্তি করেই চূড়ান্ত হবে ফিটমেন্ট ফ্যাক্টর (Fitment Factor)।
ফিটমেন্ট ফ্যাক্টর এবং কর্মীদের দাবি
যেকোনও পে কমিশনের ক্ষেত্রে মূল বেতন পুনর্নির্ধারণ বা বৃদ্ধির জন্য একটি নির্দিষ্ট গুণক বা ফিটমেন্ট ফ্যাক্টর ব্যবহার করা হয়। নিয়ম অনুযায়ী, কর্মচারী ও পেনশনভোগীদের বেতন ও ভাতা সম্পূর্ণভাবে এই ফিটমেন্ট ফ্যাক্টরের ওপর নির্ভর করে। এটি যত বাড়ে, কর্মচারীদের বেতনও সেই অনুপাতে বৃদ্ধি পায়। এর আগে সপ্তম বেতন কমিশনে ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর ঘোষণা করা হয়েছিল, যার ফলে ন্যূনতম বেসিক পে ৭,০০০ টাকা থেকে বেড়ে ১৮,০০০ টাকা হয়েছিল।
তবে অষ্টম বেতন কমিশন নিয়ে বিভিন্ন কর্মী সংগঠন আরও বড় অঙ্কের দাবি তুলেছে:
মিনিস্ট্রিয়াল স্টাফ অ্যাসোসিয়েশন: ৩.৬১ ফিটমেন্ট ফ্যাক্টরের পক্ষে প্রস্তাব দিয়েছে। এই হারে বৃদ্ধি পেলে ন্যূনতম বেসিক পে বেড়ে দাঁড়াতে পারে ৬৪,৯৮০ টাকা।
ন্যাশনাল কাউন্সিল অফ JCM স্টাফ সাইড ও ভারত পেনশনার্স সমাজ: ফিটমেন্ট ফ্যাক্টর ৩.৮৩৩ করার প্রস্তাব দিয়েছে, যা কার্যকর হলে বেসিক পে বেড়ে হতে পারে ৬৯,০০০ টাকা।
ভারতীয় প্রতিরক্ষা মজদুর সংঘ: সবচেয়ে বেশি ৪.০০ ফিটমেন্ট ফ্যাক্টরের প্রস্তাব পেশ করেছে। এই প্রস্তাব মান্যতা পেলে ন্যূনতম বেসিক পে এক লাফে বেড়ে ৭২,০০০ টাকা হতে পারে।
সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, খুব দ্রুত এই বিষয়ে চূড়ান্ত সুপারিশ জমা পড়ার সম্ভাবনা রয়েছে। ফলস্বরূপ, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ঝুলিতে বড় অংকের বেতন বৃদ্ধির সুখবর আসতে চলেছে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।