বিধবা ও বার্ধক্য ভাতা নিয়ে বিরাট ঘোষণা! পুরোনো আবেদন বাতিল করে সরাসরি বড় বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যের সাধারণ মানুষের জন্য এক বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিশেষ করে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার পরিমাণ বাড়ানোর পাশাপাশি আবেদনের প্রক্রিয়া নিয়ে একটি স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে, পূর্ববর্তী সরকারের আমলের পুরোনো আবেদনগুলি আর গ্রাহ্য করা হচ্ছে না; পরিবর্তে ‘জনকল্যাণ শিবির’-এর মাধ্যমে জমা পড়া নতুন আবেদনগুলিকেই গুরুত্ব দেওয়া হচ্ছে।
এদিন জনকল্যাণমূলক বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, আগে যেখানে বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা বাবদ নামমাত্র টাকা দেওয়া হতো, বর্তমান সরকার তা বাড়িয়ে জুলাই ও অগাস্ট মাস পর্যন্ত ১,৫০০ টাকা করার ব্যবস্থা করেছে। শুধু তাই নয়, সরকারের পূর্বঘোষিত প্রতিশ্রুতি অনুযায়ী এই ভাতার পরিমাণ আগামী দিনে বাড়িয়ে ২,০০০ টাকা করে দেওয়ার বন্দোবস্তও পাকা করা হচ্ছে।
প্রশাসন সূত্রে খবর, প্রচুর পরিমাণে আবেদন জমা পড়ায় বর্তমানে ব্যাক অফিস ও স্ক্রুটিনির কাজ দ্রুত গতিতে চলছে। লাখ লাখ পিটিশন শর্টিং করে যোগ্য প্রাপকদের চিহ্নিত করার প্রক্রিয়া শুরু হয়েছে। যাঁদের নাম এই নতুন ব্যবস্থার আওতায় আসছে, তাঁরা খুব শীঘ্রই এর সুফল হাতে পাবেন। এছাড়া সাংবাদিক সুরক্ষা এবং কন্যাশ্রী প্রকল্পের নাম পরিবর্তন করে ‘কন্যারত্ন’ করার প্রসঙ্গও এদিন উঠে এসেছে মুখ্যমন্ত্রীর বক্তব্যে। পুরনো বকেয়া মিটিয়ে এবং নতুন আবেদনকে অগ্রাধিকার দিয়ে সরকারের এই পদক্ষেপে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে।