যশকে দেখতে গিয়ে বিপত্তি! ‘টক্সিক’-এর প্রি-রিলিজ ইভেন্টে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সাউন্ড বক্স, আহত একাধিক

দক্ষিণী সুপারস্টার যশের আসন্ন ছবি ‘টক্সিক’-এর প্রি-রিলিজ অনুষ্ঠানকে কেন্দ্র করে হায়দরাবাদের একটি বিশ্ববিদ্যালয় চত্বরে চরম বিশৃঙ্খলা ও দুর্ঘটনা ঘটে গেল। শনিবার রাতে হায়দরাবাদের মাল্লা রেড্ডি বিশ্ববিদ্যালয়ে ছবিটির প্রচারে হাজার হাজার অনুরাগী ও পড়ুয়ার উপচে পড়া ভিড় জমেছিল। এই বিপুল উন্মাদনার মাঝেই দর্শকদের ঠিক পাশেই থাকা একটি ভারী সাউন্ড বক্স ও স্পিকারের কাঠামো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এই আকস্মিক দুর্ঘটনায় অন্তত দু’জন পড়ুয়া গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই এক তরুণী অজ্ঞান হয়ে যান বলে খবর পাওয়া গিয়েছে।
অনুষ্ঠান চলাকালীন যশের জন্য ভক্তদের উল্লাস যখন তুঙ্গে, ঠিক সেই সময়ই বেশ কিছু উৎসাহী পড়ুয়া ভালো করে তারকাকে দেখার জন্য সাউন্ড বক্স ও অন্যান্য ভারী সরঞ্জামের কাঠামোর ওপর চড়ে বসেন। অতিরিক্ত ওজনের কারণে মুহূর্তের মধ্যে ভারসাম্য হারিয়ে সেটআপটি ভিড়ের দিকে হেলে পড়ে ভেঙে যায়। চারদিকে হাহাকার ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বেগতিক দেখে তাৎক্ষণিকভাবে নিজের বক্তব্য থামিয়ে মঞ্চ থেকেই নেমে আসেন অভিনেতা যশ। তিনি নিজে আয়োজকদের নির্দেশ দেন আহত পড়ুয়াদের দ্রুত উদ্ধার করে অ্যাম্বুলেন্সে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করতে।
মঞ্চে দাঁড়িয়েই যশ উপস্থিত হাজার হাজার দর্শককে শান্ত থাকার এবং সাবধানে থাকার অনুরোধ জানান। কোনো পড়ুয়া বিপদে পড়েছেন কি না, তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। এরপর কিছু অনুরাগীকে ফের অন্য একটি কাঠামোর ওপর চড়তে দেখলে তিনি কড়া ভাষায় তাদের নিচে নেমে আসার অনুরোধ করেন। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং সবাই নিরাপদে আছে—এমনটা নিশ্চিত হওয়ার পরেই অভিনেতা পুনরায় তাঁর অসমাপ্ত বক্তব্য শুরু করেন।
উল্লেখ্য, গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক’ ছবিতে যশের পাশাপাশি নয়নতারা, কিয়ারা আডবাণী, হুমা কুরেশি ও তারা সুতারিয়ার মতো হেভিওয়েট তারকারা অভিনয় করেছেন। বিপুল জনসমাগম এবং পদপিষ্ট হওয়ার আশঙ্কা থাকায় পুলিশের পক্ষ থেকে আগেই সতর্কবার্তা দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও অনুরাগীদের উন্মাদনা এবং অপ্রতিরোধ্য ভিড় সামাল দিতে হিমশিম খেতে হয় কর্তৃপক্ষকে। আগামী ২৬ আগস্ট বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।