গ্ল্যামার দুনিয়াকে ঝেড়ে ফেলে আজ চাষবাসেই মন! কোথায় হারিয়ে গেলেন ‘রাজ’ ছবির সেই জনপ্রিয় নায়িকা?

একসময় বলিউডের অত্যন্ত পরিচিত ও চর্চিত মুখ ছিলেন তিনি। ২০০২ সালের ব্লকবাস্টার হরর ছবি ‘রাজ’-এর সেই চিরস্মরণীয় ‘আপকে পেয়ার মেঁ’ গানটি মনে পড়লেই যে মিষ্টি মুখটি চোখের সামনে ভেসে ওঠে, তিনি আর কেউ নন—অভিনেত্রী মালিনী শর্মা। কিন্তু খ্যাতির মধ্যগগনে পৌঁছেও আকস্মিক বিনোদন জগতকে বিদায় জানিয়ে নিজের জীবনের চাকা ঘুরিয়ে দিয়েছিলেন একদম ভিন্ন এক পথের দিকে। গ্ল্যামার ওয়ার্ল্ডের অন্তহীন কোলাহল ও চাকচিক্য ছেড়ে তিনি বেছে নিয়েছেন প্রকৃতির কোলে এক শান্ত, ধীর ও সুন্দর জীবন। বর্তমানে এক সম্পূর্ণ অন্য পরিচয়ে নিজের জীবন নতুন করে গুছিয়ে নিয়েছেন এই প্রাক্তন অভিনেত্রী।

মডেলিংয়ের হাত ধরে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন মালিনী। এরপর একাধিক জনপ্রিয় মিউজিক ভিডিও এবং ২০০০-এর দশকের গোড়ার দিকে ছোট পর্দার অন্যতম হিট শো ‘ক্যাটস’-এ অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন। তারপরই প্রতিভাবান পরিচালক বিক্রম ভাটের সুপারহিট ছবি ‘রাজ’-এ বিপাশা বসু ও ডিনো মোরিয়ার পাশাপাশি এক অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের সুযোগ পান তিনি। যদিও সেটি পার্শ্ব চরিত্র ছিল, তবুও মালিনীর সাবলীল অভিনয় ও স্ক্রিন প্রেজেন্স দারুণ গভীর প্রভাব ফেলেছিল দর্শকদের মনে।

তবে মুম্বইয়ের চাকচিক্যময় ফিল্মি দুনিয়া থেকে বহু দূরে এখন সম্পূর্ণ অন্য জীবন কাটাচ্ছেন মালিনী। মহারাষ্ট্রের সুউচ পাহাড় ও উপত্যকার কোলেই তিনি গড়ে তুলেছেন তাঁর নতুন স্বপ্নের আশ্রয়। সেখানে তিনি একটি আস্ত ফার্মস্টে পরিচালনা করেন, নিজের হাতে নানা ধরনের শাকসবজি চাষ করেন, অতিথিদের আন্তরিকভাবে আপ্যায়ন করেন এবং পরিচালনা করেন তাঁর নিজস্ব উদ্যোগ ‘দ্য স্লো লোকাল’ (The Slow Local)।

কেরিয়ারের শুরুতে মিউজিক ভিডিওর মাধ্যমেই প্রথম ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন মালিনী। বোম্বে ভাইকিংসের কালজয়ী গান ‘ক্যায়া সুরত হ্যায়’ এবং জনপ্রিয় গায়ক মিকা সিংয়ের হিট ট্র্যাক ‘সাওয়ান মেঁ লাগ গায়ি আগ’-এর মতো মিউজিক ভিডিওতে তাঁকে দেখা গিয়েছিল। এরপর ছোট পর্দায় আত্মপ্রকাশ করে নাফিসা জোসেফ ও কুলজিৎ রান্ধাওয়ার পাশাপাশি জনপ্রিয় ধারাবাহিক ‘ক্যাটস’-এ অভিনয় করেন। সেই সাফল্যই তাঁকে পরবর্তীতে ‘রাজ’ ছবির সোনার সুযোগ এনে দেয়।

ব্যক্তিগত জীবনে সেই সময়েই ‘তুম বিন’ ও ‘দিল কা রিশতা’ খ্যাত জনপ্রিয় অভিনেতা প্রিয়াংশু চ্যাটার্জির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন মালিনী। যদিও পরবর্তীতে সেই বৈবাহিক সম্পর্কের ইতি ঘটে পারস্পরিক বিচ্ছেদের মাধ্যমে।

মূলধারার বিনোদন জগত থেকে নিজেকে স্বেচ্ছায় সরিয়ে নিলেও একদম হারিয়ে যাননি মালিনী। প্রায় এক দশক আগে শুরু করা তাঁর স্বপ্নের প্রজেক্ট ‘দ্য স্লো লোকাল’-এর মাধ্যমে খাঁটি অর্গানিক খাবার, বাংলার বা আঞ্চলিক হস্তশিল্প এবং ধীরগতির সুস্থায়ী জীবনধারাকেই পরম আপন করে নিয়েছেন এই ‘রাজ’ খ্যাত অভিনেত্রী।

Riya Chakrabarty
  • Riya Chakrabarty