টানা রোদের ছুটি, নতুন সপ্তাহেই কি ভিজবে তিলোত্তমা? জানুন বিরাট আপডেট

পরপর তিন দিন তীব্র রোদ ও গরমের পর অবশেষে স্বস্তির খবর শোনাল আবহাওয়া দফতর। নতুন সপ্তাহের শুরুতেই কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টির জোরালো কামড় বসার সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলের কাছাকাছি উত্তর বঙ্গোপসাগরের উপর সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিলোমিটার উচ্চতায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই এই এলাকায় একটি নিম্নচাপ ঘনীভূত হওয়ার আশঙ্কা রয়েছে, যার জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

কলকাতার আজকের আবহাওয়া

আজ, রবিবার দিনভর কলকাতার আকাশ প্রধানত মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে শহরের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির দেখা মিলতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। গতকাল অর্থাৎ শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি অর্থাৎ ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় শহরে সামান্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি, দক্ষিণবঙ্গের সমস্ত জেলাই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির কবলে পড়তে পারে এবং কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের ছবিটাও কমবেশি একই রকম। উত্তরবঙ্গের সব কটি জেলাতেই আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রায় প্রতিটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।