স্কুলে ঢুকে হুলুস্থুল! ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ পুলিশের

সরকারি স্কুলের পরিকাঠামো ও শৃঙ্খলা খতিয়ে দেখতে গিয়ে বড় বিপাকে পড়লেন ‘ককরোচ জনতা পার্টি’ বা সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। মহারাষ্ট্রের লাতুর জেলায় একটি সরকারি স্কুলে বিনা অনুমতিতে প্রবেশ করে পঠনপাঠনে বিঘ্ন ঘটানো এবং শিক্ষকদের ভয় দেখানোর অভিযোগে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে লাতুর পুলিশ।

লাতুরের আউসা এলাকার একটি জেলা পরিষদ উর্দু স্কুলে এই ঘটনাটি ঘটেছে। স্থানীয় এক শিক্ষিকার দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ এই পদক্ষেপ করেছে। অভিযোগ উঠেছে, ‘স্কুল ঠিক করো’ অভিযানের অংশ হিসেবে অভিজিৎ দীপকে এবং তাঁর সহযোগীরা আচমকাই ওই স্কুলে ঢুকে পড়েন। ক্লাসরুমে ঢুকে ছাত্রছাত্রীদের মুখোমুখি বসা এবং গোটা ঘটনার ভিডিও রেকর্ড করে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে।

পাশাপাশি, স্কুল কর্তৃপক্ষের দাবি, পরিদর্শনের সময় শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় এবং তাঁদের বরখাস্ত করার হুমকিও দেন ওই রাজনৈতিক নেতা। এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার একাধিক কঠোর ধারায় মামলা রুজু করেছে পুলিশ। যদিও সিজেপি শিবির জানিয়েছে, গ্রামীণ এলাকার স্কুলগুলির প্রকৃত মান ও বেহাল দশা জনসমক্ষে আনতে এই ধরনের পরিদর্শন তারা ভবিষ্যতেও চালিয়ে যেতে প্রস্তুত। তবে এই আইনি পদক্ষেপের পর পুরো বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল শুরু হয়েছে।