রবিবার থেকেই ফের দুর্যোগ! দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি হল?

ভ্যাপসা গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আগামী রবিবার থেকে শুরু হয়ে এই বৃষ্টি চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। আবহাওয়া দফতর সূত্রে খবর, মৌসুমী অক্ষরেখা এবং বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবে আবহাওয়ায় এই পরিবর্তন আসছে।

শনিবার থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রবিবার থেকে বৃষ্টির পরিধি ও তীব্রতা বাড়বে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি, সোমবার উপকূলবর্তী জেলাগুলির পাশাপাশি পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও আবহাওয়া বদলাতে শুরু করেছে। শনিবার দার্জিলিং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে। অন্যদিকে, কলকাতায় আংশিক মেঘলা আকাশ ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকলেও বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।