গলার আওয়াজ শুনেই অভিনয় ছাড়তে চেয়েছিলেন কিংবদন্তি অভিনেত্রী? নিজের কণ্ঠস্বরকে ইঁদুরের সঙ্গে তুলনা করেছিলেন তনুজা!

বলিউডের স্বর্ণযুগের জনপ্রিয় অভিনেত্রী তনুজা। দীর্ঘ অভিনয়জীবনে একের পর এক স্মরণীয় ছবিতে কাজ করে তিনি নিজের শক্ত জায়গা তৈরি করেছেন। পর্দায় তাঁর সাবলীল অভিনয় আজও দর্শকদের মুগ্ধ করে। তবে কেরিয়ারের শুরুর দিনগুলিতে নিজের কাজ নিয়ে চরম অনিশ্চয়তায় ভুগেছিলেন এই অভিনেত্রী। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছিল যে, প্রথমবার নিজের অভিনীত ছবি ও গলার আওয়াজ দেখে অভিনয় ছেড়েই দিতে চেয়েছিলেন তিনি।
একটি টেলিভিশন শোয়ে নিজের শুরুর দিকের কেরিয়ারের নানা অজানা লড়াইয়ের গল্প ভাগ করে নিয়েছিলেন বর্ষীয়ান অভিনেত্রী। তিনি জানান, পর্দায় প্রথমবার নিজের অভিনয় দেখার অভিজ্ঞতা তাঁর জন্য একেবারেই সুখকর ছিল না। বিশেষ করে নিজের কণ্ঠস্বর পর্দায় শোনার পর থেকেই ভীষণ অস্বস্তিতে পড়ে যান তিনি। তনুজার মনে হয়েছিল, তাঁর গলার আওয়াজ একেবারেই ভালো শোনাচ্ছে না।
পরিস্থিতি এতটাই উদ্বেগের হয়ে দাঁড়ায় যে, তিনি সোজা মায়ের কাছে চলে যান এবং সাফ জানিয়ে দেন যে তিনি আর অভিনয় করবেন না। সেদিনের সেই স্মৃতির কথা বলতে গিয়ে মজার ছলে নিজের কণ্ঠস্বরকে ‘ইঁদুরের মতো’ বলেও তুলনা করেছিলেন এই প্রবীণ অভিনেত্রী। মায়ের সেই সময়ের একটিমাত্র অনুপ্রেরণাদায়ী কথাই পরবর্তীতে তনুজার জীবন এবং তাঁর গোটা কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল।