টাওয়ার ছাড়াই সরাসরি ফোনে চলবে ইন্টারনেট! ভারতে ৩০ হাজার স্যাটেলাইটের অনুমতি চাইল ইলন মাস্কের স্টারলিংক

প্রচলিত মোবাইল টাওয়ারের ওপর নির্ভরতা পুরোপুরি ঘুচিয়ে দিতে এবার এক যুগান্তকারী পদক্ষেপ করতে চলেছে এলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট সংস্থা স্টারলিংক। ভারতে সরাসরি ডিভাইসে সংযোগ (Direct-to-Device) বা ডিটুডি প্রযুক্তি চালু করার উদ্দেশ্যে ভারতীয় মহাকাশ নিয়ন্ত্রক সংস্থা ‘ইন-স্পেস’ (IN-SPACe)-এর কাছে প্রায় ৩০,০০০ নতুন স্যাটেলাইট স্থাপনের জন্য আবেদন জানিয়েছে এই বহুজাতিক সংস্থা।
প্রতিবেদন অনুযায়ী, এই প্রযুক্তির সবচেয়ে বড় আকর্ষণ হলো, এর মাধ্যমে সাধারণ ব্যবহারকারীরা কোনো রকম মোবাইল টাওয়ার বা টাওয়ার সিগন্যাল ছাড়াই সামঞ্জস্যপূর্ণ স্মার্টফোনে সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট ও যোগাযোগের সুবিধা পাবেন। পৃথিবী থেকে প্রায় ৩৪০ থেকে ৬১৫ কিলোমিটার ওপরে নিম্ন ভূ-কক্ষপথে এই বিশাল সংখ্যক স্যাটেলাইট মহাকাশে স্থাপন করার পরিকল্পনা রয়েছে। এর আগে স্টারলিংকের প্রস্তাব নিয়ে সরকারের অন্দরে নানা জল্পনা চললেও, ইলন মাস্কের এই নতুন আবেদনের পর ভারতের টেলিকম বাজারে রিলায়েন্স জিও এবং অ্যামাজন লিও-র মতো হেভিওয়েট সংস্থাগুলোর সঙ্গে স্টারলিংকের তীব্র প্রতিযোগিতা শুরু হতে চলেছে বলেই মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।
যদিও এই ইন্টারনেট পরিষেবার সম্ভাব্য মূল্য, ট্যারিফ প্ল্যান কিংবা ঠিক কবে নাগাদ ভারতে এটি বাণিজ্যিকভাবে চালু হবে, সে বিষয়ে এখনও সংস্থার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। বর্তমানে ভারতীয় নিয়ন্ত্রক সংস্থা ও সংশ্লিষ্ট আধিকারিকরা পুরো বিষয়টি খতিয়ে দেখছেন। তবে প্রযুক্তিপ্রেমী মহলের নজর এখন এই মেগা প্রজেক্টের অনুমোদনের দিকেই।