ইউটিউবের দিন কি তবে শেষ? বিশ্ববাজারে ঝড় তুলতে আসছে চিনা ভিডিও জায়ান্ট ‘বিলিবিলি’!

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউবকে কড়া টক্কর দিতে বিশ্ববাজারে আসছে নতুন এক প্রতিপক্ষ। চিনের জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘বিলিবিলি’ (Bilibili) এবার তাদের গ্লোবাল লঞ্চের প্রস্তুতি শুরু করেছে। ইতিমধ্যেই প্ল্যাটফর্মটিকে ইংরেজি ভাষায় রূপান্তরিত করার কাজ হাত নেওয়া হয়েছে, যা ইউটিউবের আধিপত্যে বড় ধরনের ধাক্কা দিতে পারে বলেই মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।
মূলত জেন-জি (Gen Z) প্রজন্মকে মাথায় রেখে তৈরি এই প্ল্যাটফর্মটির ইউজার ইন্টারফেস এবং ফিচারের সঙ্গে ইউটিউবের দারুণ মিল রয়েছে। এতদিন পর্যন্ত চিনের গণ্ডির মধ্যেই তাদের ব্যবসা সীমাবদ্ধ থাকলেও, এবার আন্তর্জাতিক বাজারে নিজেদের মেলে ধরতে চাইছে সংস্থাটি। সেই লক্ষ্যেই লস অ্যাঞ্জেলস, লন্ডন, মেক্সিকো সিটি, সাও পাওলো, ইস্তাম্বুল এবং টোকিওর মতো বিশ্বের বড় বড় শহরগুলোতে নতুন করে কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, ইউটিউবের গ্লোবাল ক্রিয়েটরদের আকর্ষণ করতে এবং প্ল্যাটফর্মে ভিড় বাড়াতে অত্যন্ত আক্রমণাত্মক কৌশল নিতে চলেছে চিনা এই সংস্থাটি। তবে ভারতের বাজারে এর ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। কারণ, এর আগে নিরাপত্তা ও ডেটা সুরক্ষার খাতিরে টিকটক সহ একাধিক চিনা অ্যাপের ওপর কড়া নিষেধাজ্ঞা জারি করেছে ভারত সরকার। ফলে গ্লোবাল লঞ্চের পর ভারতের বাজারে এই অ্যাপ আদৌ কাজ করবে কি না, তা নিয়ে ইতিমধ্যেই প্রযুক্তি মহলে জল্পনা শুরু হয়েছে।