বাংলায় বড় রাজনৈতিক ভাঙন! ২০ বিদ্রোহী সাংসদকে নিয়ে নতুন দল গড়ছেন কাকলি ঘোষ দস্তিদার?

বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকেই রাজ্য রাজনীতিতে সুর বদলাতে শুরু করেছে। তৃণমূল কংগ্রেসের অন্দরে এবার বড় ধরনের ভাঙনের গুঞ্জন জোরাল হয়েছে। দলের অন্দরের মতপার্থক্য ও ক্ষোভের জেরে তৃণমূলের প্রায় ২০ জন লোকসভা সাংসদ বিদ্রোহ ঘোষণা করেছেন বলে খবর। প্রবীণ সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে এই বিদ্রোহী অংশটি একটি পৃথক গোষ্ঠী হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে।
রাজনৈতিক মহলের খবর অনুযায়ী, এই বিদ্রোহী সাংসদরা প্রথমে ‘ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি অফ ইন্ডিয়া’ বা এনসিপিআই-এর সঙ্গে হাত মেলানোর কথা ভাবলেও, সংসদে সেই দলের আনুষ্ঠানিক স্বীকৃতি না থাকায় এখন নতুন কৌশল নিয়ে এগোচ্ছেন। আর সেই পথ ধরেই সামনে এসেছে ‘বহুজন এনসিপিআই’ গঠনের পরিকল্পনা।
ইতিমধ্যেই এই নতুন রাজনৈতিক ছক নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু হয়েছে। দলিত, মুসলিম, আদিবাসী এবং অন্যান্য পিছিয়ে থাকা সম্প্রদায়ের মানুষদের এই নতুন ধারার সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানানো হচ্ছে। নতুন এই দল বা ট্রাস্টের সমস্ত পদে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য অন্তত ২৫ শতাংশ প্রতিনিধিত্ব নিশ্চিত করার ঘোষণা করা হয়েছে।
এদিকে দলীয় সূত্রে এই বিষয়ে ভিন্ন ব্যাখ্যা দিয়ে বলা হয়েছে যে, এটি মূল দলের বাইরে কোনো আলাদা রাজনৈতিক দল নয়, বরং প্রান্তিক মানুষের উন্নয়নে কাজ করার জন্য একটি বিশেষ শাখা বা ট্রাস্ট। তবে ভোটের ঠিক পরেই তৃণমূলের ২০ জন সাংসদের এই স্বতন্ত্র কার্যকলাপ এবং নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘিরে রাজনৈতিক মহলে তীব্র জল্পনা শুরু হয়েছে। বিরোধীরা একে শাসক দলের অভ্যন্তরীণ কোন্দল ও বড় ফাটল হিসেবে দেখছে, যা আগামী দিনে বাংলার রাজনীতিতে নতুন কোনো সমীকরণ তৈরি করতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।