১ লাখ ৬০ হাজার ছুঁইছুঁই সোনার দাম! মাত্র এক মাসে এত বড় পরিবর্তনের আসল রহস্য কী?

সোনার বাজারে লাগাতার উত্তাপ থামার নামই নিচ্ছে না। গত এক মাসে যেভাবে হলুদ ধাতুর দাম বেড়েছে, তাতে রীতিমতো চিন্তার ভাঁজ পড়েছে মধ্যবিত্তের কপালে। বিশ্ব বাজারের পাশাপাশি দেশের বাজারেও সোনার দাম এবার নতুন উচ্চতা ছুঁতে চলেছে। মাত্র এক মাসের ব্যবধানে সাধারণ মানুষের সাধ্যের বাইরে চলে যাচ্ছে এই মূল্যবান ধাতু।
বাজারের সাম্প্রতিক হিসাব বলছে, গত এক মাসে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে প্রায় ২১,৩৫০ টাকা পর্যন্ত বেড়েছে। শতাংশের বিচারে যা প্রায় ১৫.৩৫ শতাংশ বৃদ্ধি। অন্যদিকে, ২২ ক্যারেট সোনার ক্ষেত্রে প্রতি ১০ গ্রামে দাম বেড়েছে প্রায় ১৪,৬১০ টাকা, যা প্রায় ১১ শতাংশ বেশি। বর্তমানে কলকাতার বাজারে ২৪ ক্যারেট সোনা প্রতি ১০ গ্রাম ১ লক্ষ ৬০ হাজার টাকার কাছাকাছি পৌঁছে গেছে। আর ২২ ক্যারেট সোনা বিকোচ্ছে প্রায় ১ লক্ষ ৪৭ হাজার টাকায়।
বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে সোনার দাম হু হু করে বাড়ার জন্যই মূলত এই পরিস্থিতি তৈরি হয়েছে। মার্কিন ডলারের দুর্বল অবস্থা এবং বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা সোনাকেই সবচেয়ে নিরাপদ বিনিয়োগ হিসেবে বেছে নিচ্ছেন। এর জেরে লাফিয়ে বাড়ছে চাহিদা। তবে আগামী দিনে দাম ঠিক কোন দিকে মোড় নেবে, তা সম্পূর্ণ নির্ভর করছে আন্তর্জাতিক বাজারের গতিপ্রকৃতির ওপর। সোনা কেনার পরিকল্পনা থাকলে তাই শুধু আজকের বাজারদর নয়, বৈশ্বিক পরিস্থিতির ওপরেও নজর রাখা জরুরি।