রাখির দিনে পিএম কিষাণ যোজনার ২৪তম কিস্তি ঢুকছে? সোশাল মিডিয়ায় ছড়ানো ভাইরাল ভিডিও নিয়ে বড় সতর্কবার্তা সরকারের

রাখি উৎসবের দিনেই কি প্রধানমন্ত্রী কিষাণ যোজনার (PM Kisan Yojana) ২৪তম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই দাবি সম্বলিত একটি ভিডিও দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। তবে এই ভিডিওটিকে সম্পূর্ণ ভুয়ো এবং এআই-নির্মিত (AI-generated) বলে স্পষ্ট জানিয়ে দিল সরকার। পাশাপাশি সাফ জানানো হয়েছে, এখনও পর্যন্ত ২৪তম কিস্তি সংক্রান্ত কোনো সরকারি ঘোষণা করা হয়নি।
ভাইরাল ভিডিওর সত্যতা কী?
চলতি বছরের জুন মাসে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার ২৩তম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল। এরপর থেকেই পরবর্তী কিস্তির জন্য অপেক্ষায় রয়েছেন দেশের কোটি কোটি অন্নদাতা। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দাবি করা হয় যে আসন্ন রাখি উৎসব অর্থাৎ ২৮ আগস্ট সকল যোগ্য কৃষকের অ্যাকাউন্টে ২ হাজার টাকা করে ঢুকে যাবে। তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ভিডিওটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর সাহায্য তৈরি করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
সরকারি ঘোষণা ও প্রকল্পের নিয়ম
দেশের কৃষকদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করতে এবং চাষের খরচ মেটাতে এই কেন্দ্রীয় প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রকল্পের নিয়ম অনুযায়ী, যোগ্য কৃষকদের প্রতি চার মাস অন্তর ২ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়ে থাকে।
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৬ সালের ২০ জুন ২৩তম কিস্তি প্রকাশিত হয়েছিল। তবে ২৪তম কিস্তি কবে দেওয়া হবে, সে বিষয়ে ভারত সরকারের তরফ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বা নির্দিষ্ট দিন ঘোষণা করা হয়নি। তাই এ ধরনের বিভ্রান্তিকর ও ভুয়া ভিডিও বা তথ্যে কান না দিয়ে সরকারি পোর্টালের আপডেটের ওপর নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।