“বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ! জামিন পেলেন না ক্রিকেটার অভিষেক পোড়েল, ১৪ দিনের জেল হেফাজত”

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও শারীরিক নির্যাতনের অভিযোগে ধৃত ক্রিকেটার অভিষেক পোড়েলের জামিনের আবেদন খারিজ করে দিল চুঁচুড়া আদালত। তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। হাইকোর্টের নির্দেশে হুগলি মগরা থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেছিল, সেই মামলার সূত্রেই আজ তাঁকে আদালতে পেশ করা হয়।
মামলার প্রেক্ষাপট: অভিযোগ, হুগলি মগরা এলাকার এক তরুণীর সঙ্গে দীর্ঘ তিন বছর ধরে প্রেমের সম্পর্কে ছিলেন অভিষেক। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। এমনকি দুজনে বিদেশে ঘুরতেও গিয়েছিলেন। কিন্তু পরবর্তী সময়ে অভিষেক ধীরে ধীরে ওই তরুণীর সঙ্গে যোগাযোগ কমিয়ে দেন এবং দূরত্ব তৈরি করতে শুরু করেন। সম্পর্কের এই টানাপড়েন নিয়ে বছর দেড়েক আগে বিষয়টি থানা পর্যন্ত গড়ায়। অভিযোগ, সেই সময় থেকেই পুলিশি তদন্তে সহযোগিতা করছিলেন না অভিষেক।
তরুণী এরপর হাইকোর্টের দ্বারস্থ হন এবং আদালতের নির্দেশে মগরা থানার পুলিশ তদন্ত শুরু করে। গত ১১ অগস্ট কলকাতার দমদম এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। এরপর তিন দিনের পুলিশ হেফাজতের শেষে আজ তাঁকে পুনরায় আদালতে তোলা হয়। আগামী ২৮ অগস্ট তাঁকে ফের আদালতে পেশ করার নির্দেশ দিয়েছে চুঁচুড়া আদালত।
আইনি জটিলতা: পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার অভিষেককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়ে তাঁর মেডিক্যাল পরীক্ষা করানো হয়। মামলার প্রতিটি দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অভিষেক পোড়েলের বিরুদ্ধে ওঠা এই গুরুতর অভিযোগের জেরে এখন মামলার আইনি প্রক্রিয়া কোন দিকে মোড় নেয়, সেদিকেই তাকিয়ে রয়েছে ক্রীড়া মহল এবং আমজনতা।