বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের ফলায় ভাসবে বাংলা! সপ্তাহের শেষে কোন কোন জেলায় চরম দুর্যোগের পূর্বাভাস?

শ্রাবণ মাস শেষের পথে হলেও বঙ্গে বর্ষার দাপট বিন্দুমাত্র কমেনি। উল্টে বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি শক্তিশালী নিম্নচাপ পরিস্থিতিকে আরও বেশি ঘোরালো করে তুলেছে। যার জেরে আগামী কয়েক দিন গোটা রাজ্যজুড়েই দফায় দফায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতরের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, বঙ্গোপসাগরে সৃষ্ট এই নিম্নচাপটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে ধীরে ধীরে এগোচ্ছে এবং ইতিমধ্যেই স্থলভাগের দিকে সরতে শুরু করেছে। এর জেরে রাজ্যজুড়ে মেঘ-বৃষ্টির খেলা বজায় থাকবে।

আবহাওয়া বিজ্ঞানীদের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার নিম্নচাপটির মূল অবস্থান ছিল মেদিনীপুর থেকে মাত্র ৫০ কিলোমিটার পূর্ব ও উত্তর-পূর্বে এবং কলকাতা থেকে ৬০ কিলোমিটার পশ্চিমে। ঘণ্টায় প্রায় ১২ কিলোমিটার বেগে এটি স্থলভাগের দিকে এগোচ্ছে। আজ শুক্রবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ধরে এই নিম্নচাপটি আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে সরে যাবে। এর প্রভাবে সারাদিনই কলকাতার আকাশ মেঘলা থাকবে এবং তিলোত্তমা সহ দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলায় দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। পাশাপাশি, পঞ্জাব, উত্তরপ্রদেশ, বিহার হয়ে পশ্চিমবঙ্গের উপকূল পর্যন্ত বিস্তৃত সক্রিয় মৌসুমি অক্ষরেখার জেরে আবহাওয়া আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েক দিন ঝড়বৃষ্টির পাশাপাশি ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে শুক্রবার ও শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে শুক্রবার ভারী বর্ষণের সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্যদিকে, তিলোত্তমা মহানগরী কলকাতায় শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া দফতর জানিয়েছে যে আগামী রবিবারের পর দক্ষিণবঙ্গে এই দুর্যোগ কিছুটা কমতে পারে। আজ কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩১ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে।

শুধু দক্ষিণবঙ্গই নয়, উত্তরের জেলাগুলিতেও অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে রবি ও সোমবার অতিভারী বৃষ্টির চরম সতর্কতা রয়েছে। পাশাপাশি, দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে লাগাতার ভারী বৃষ্টি চলবে। এমনকি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহেও আগামী রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সবমিলিয়ে, সপ্তাহান্তে রাজ্যবাসীর জন্য স্বস্তির বদলে বড় ধরনের দুর্যোগের পূর্বাভাসই শোনাল আবহাওয়া দফতর।