“তোমাদের লোকজনই আমাদের সেনাকে মারে!” বাবার সঙ্গে এক দশক সম্পর্কহীন, তবুও বাম রাজনীতিতে অনড় নেহা

বয়স সামান্য হলেও আন্দোলনের রাজনীতিতে তিনি এখন জাতীয় স্তরের এক অতি পরিচিত মুখ। অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (AISA) জাতীয় সভাপতি তথা জেএনইউ-এর গবেষক নেহা বোরা (Neha Bora) আজ সোশ্যাল মিডিয়ায় সেনসেশন। হাজার হাজার তরুণ-তরুণীর আইকন তিনি। কিন্তু এই খ্যাতির নেপথ্যে রয়েছে এক মর্মান্তিক পারিবারিক দূরত্ব। মতাদর্শের সংঘাত এমন পর্যায়ে পৌঁছেছে যে, গত ১০ বছর ধরে নিজের মেয়ের সঙ্গে একটি বাক্যও খরচ করেননি তাঁর বাবা—যিনি পেশায় একজন সেনাকমী এবং কট্টর অ-বামপন্থী।
সম্প্রতি এক খোলামেলা সাক্ষাৎকারে নিজের জীবনের এই কঠিন সত্য তুলে ধরেছেন নেহা। তিনি জানিয়েছেন, বাবা যখন প্রথম তাঁর বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ার খবর পান, তখন তিনি সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। মেয়েকে সরাসরি উদাহরণ দিয়ে বাবা বলেছিলেন, “তোমাদের লোকজনই আমাদের সেনাকর্মীদের মারে, তুমি ওদের সঙ্গে কীভাবে জড়িত হতে পারলে?” সেই থেকে দীর্ঘ এক দশক কেটে গেলেও বাবার সঙ্গে তাঁর আর কোনও কথা হয়নি।
কে এই নেহা বোরা?
উত্তরাখণ্ডে জন্ম হলেও নেহার শৈশবের একটা বড় অংশ কেটেছে পশ্চিমবঙ্গে। শিলিগুড়ির নামী দিল্লি পাবলিক স্কুল (DPS) থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে তিনি বেঙ্গালুরুর আর্মি পাবলিক স্কুলেও পড়াশোনা করেছেন। ছোটবেলা থেকেই নাটক ও সাহিত্যের প্রতি তাঁর গভীর ঝোঁক ছিল। পরবর্তীকালে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও ড. ভীমরাও আম্বেদকর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর বর্তমানে তিনি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (JNU) পিএইচডি করছেন।
আন্দোলনের ময়দানে ঝোড়ো উপস্থিতি
শিক্ষার অধিকার, ফি বৃদ্ধি ও বিভিন্ন দুর্নীতিবিরোধী আন্দোলনে নেমে বারবার সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছেন নেহা। যন্তর মন্তরে NEET প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে টানা ২৩ দিন অনশন চালিয়ে রেকর্ড গড়েন তিনি। সেই ঐতিহাসিক অনশন চলাকালীন তাঁর সমর্থনে এগিয়ে এসেছিলেন রাহুল গান্ধী, বিশিষ্ট অভিনেত্রী শাবানা আজমি এবং সাংসদ চন্দ্রশেখর আজাদের মতো হেভিওয়েট ব্যক্তিত্বরা।
তবে বিতৃত্ত ও প্রতিকূলতাও তাঁর নিত্যসঙ্গী। সম্প্রতি ঝাড়খণ্ডের রাঁচিতে জেপিএসসি-জেএসএসসি (JPSC-JSSC) পরীক্ষার দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে তাঁর মুখে কালি ছুড়ে দেওয়ার মতো অনভিপ্রেত ঘটনার মুখোমুখি হতে হয় তাঁকে। এর আগেও তাঁর নানা রাজনৈতিক স্লোগান ও কট্টর বামপন্থী অবস্থানের কারণে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে।
পারিবারিক টানাপোড়েন এবং বাবার সঙ্গে এক দশকের দীর্ঘ বিচ্ছেদ সত্ত্বেও নিজের রাজনৈতিক আদর্শ ও অবস্থান থেকে এক চুলও নড়তে নারাজ নেহা। সেনা পরিবারের কড়া অনুশাসন পেরিয়ে কীভাবে তিনি দেশের অন্যতম প্রধান ছাত্র আন্দোলনের তরুণ মুখ হয়ে উঠলেন, তা নিয়েই এখন সরগরম রাজনৈতিক ও সামাজিক মাধ্যম।