রবিবার সকালেই বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু! বাড়ি থেকে বেরোনোর আগে জেনে নিন কোন রুট ধরবেন

সংস্কার ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী রবিবার (কাল) সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। সেতুটির সুরক্ষা ও স্থায়িত্ব বজায় রাখতে দীর্ঘমেয়াদি মেরামতির কাজ চলছে। এই ৮ ঘণ্টা সেতুর যান চলাচল সম্পূর্ণ বন্ধ রেখে হাওড়া ও কলকাতামুখী সমস্ত যানবাহন বিকল্প রুটে ঘুরিয়ে দেওয়া হবে বলে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ সূত্রে জানানো হয়েছে।

কোন কোন কাজ হবে?

কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগামী রবিবার সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত বিদ্যাসাগর সেতু দিয়ে কোনও ধরনের যান চলাচল করতে দেওয়া হবে না। এই ৮ ঘণ্টার মধ্যে সেতুর গুরুত্বপূর্ণ হোল্ডিং ডাউন কেবল (Holding Down Cable), স্টে কেব্‌ল (Stay Cable) এবং বিভিন্ন বেয়ারিং বদল ও মেরামতির কাজ সম্পন্ন করা হবে।

কোন রুট দিয়ে হবে যান চলাচল?

বিদ্যাসাগর সেতু বন্ধ থাকার ফলে সাধারণ মানুষের যাতে চরম ভোগান্তি না হয়, তার জন্য বিকল্প রুট প্রস্তুত রাখা হয়েছে:

  • বিকল্প পথ: হাওড়া ও কলকাতামুখী সমস্ত যানবাহনগুলিকে প্রধানত হাওড়া ব্রিজ (রবীন্দ্র সেতু) এবং নিবেদিতা সেতু দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে।

প্রতিদিনের হাজার হাজার যাত্রীর যাতায়াতের সুবিধার্থে এবং শহরের ট্রাফিক নিয়ন্ত্রণ স্বাভাবিক রাখতে যাত্রীদের নির্ধারিত সময় মাথায় রেখে বিকল্প পথ বেছে নেওয়ার অনুরোধ করা হচ্ছে।