জেইই মেইনে কম র‍্যাঙ্ক? এনআইটি-আইআইআইটি তে পড়ার শেষ সুযোগ, শুরু হল সিএসএবি স্পেশাল কাউন্সেলিং!

জেইই মেন ২০২৬ (JEE Main 2026) উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য এনআইটি, আইআইআইটি এবং জিএফটিআই-এর মতো দেশের নামী প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠানে খালি থাকা বিটেক আসনে ভর্তির পথ প্রশস্ত করে সোমবার, ২৮ জুলাই থেকে শুরু হয়েছে সিএসএবি (CSAB) স্পেশাল কাউন্সেলিংয়ের আবেদন প্রক্রিয়া। জোসা (JoSAA) কাউন্সেলিংয়ের সমস্ত রাউন্ড সমাপ্ত হওয়ার পর অবিক্রিত বা শূন্য আসনে মেধার ভিত্তিতে এই বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে ভর্তি নেওয়া হবে।

কাউন্সেলিং আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, দেশজুড়ে প্রায় ৩১টি এনআইটি, ২৬টি আইআইআইটি এবং ৫০টির বেশি জিএফটিআই প্রতিষ্ঠানের প্রায় ১৩ থেকে ১৪ হাজার খালি আসনে এই প্রক্রিয়ায় ভর্তি হওয়া সম্ভব। যে সমস্ত পরীক্ষার্থী জোসায় আশানুরূপ আসন পাননি বা ভালো কলেজ ও পছন্দের ব্রাঞ্চের সন্ধানে রয়েছেন, তাদের জন্য এটি অত্যন্ত সোনালী সুযোগ। রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিংয়ের কাজ চলবে আগামী ৫ আগস্ট পর্যন্ত। আগামী ৬ আগস্ট প্রথম রাউন্ডের সিট অ্যালটমেন্ট ফলাফল প্রকাশিত হবে এবং ১২ আগস্ট ঘোষণা করা হবে দ্বিতীয় রাউন্ডের ফলাফল। সাধারণ শিক্ষার্থীদের ক্ষেত্রে দ্বাদশ শ্রেণীতে ন্যূনতম ৭৫ শতাংশ বা সংশ্লিষ্ট বোর্ডের টপ ২০ পার্সেন্টাইল এবং সংরক্ষিত শ্রেণির জন্য ৬৫ শতাংশ নম্বর বাধ্যতামূলক করা হয়েছে। প্রার্থীদের অবশ্যই মনে রাখতে হবে যে, জোসার রেজিস্ট্রেশন এখানে গ্রাহ্য হবে না, তাই নতুন করে আবেদন ও পছন্দক্রম সাজাতে হবে।