বর্ষায় গাছে জল দেওয়ার এই মারাত্মক ভুলটি করছেন না তো? অজান্তেই পচে যাচ্ছে শখের গাছ!

বর্ষা ঋতুর আগমন মানেই প্রকৃতি এক নতুন প্রাণ ফিরে পায়, আর সেই সঙ্গে আমাদের বাড়ির ছাদবাগান বা বারান্দার টবের গাছগুলিও সতেজ হয়ে ওঠে। উদ্ভিদের বৃদ্ধির জন্য বৃষ্টির জলকে প্রকৃতির আসল অমৃত বলে মনে করা হয়। অথচ বর্ষার এই মৌসুমে বেশিরভাগ বাগানপ্রেমী মানুষই একটি অত্যন্ত সাধারণ অথচ মারাত্মক ভুল করে থাকেন। গাছের গোড়ায় নিয়মিত জল দেওয়ার অভ্যাস থেকে তারা বর্ষাকালে অতিরিক্ত জল ঢালতে শুরু করেন, যার ফলে গাছের শিকড় পচে যায় এবং দেখতে দেখতে সবুজ ও সতেজ গাছও মৃত্যুর মুখে ঢোলে পড়ে। তাই বর্ষাকালে গাছের সঠিক পরিচর্যা এবং জল দেওয়ার সঠিক নিয়মটি জানা প্রত্যেক উদ্যানপ্রেমীর জন্যই অত্যন্ত জরুরি।
সাধারণত বর্ষার দিনে যদি একটানা বৃষ্টি হতে থাকে, তবে বেশিরভাগ গাছেরই বাড়তি জলের কোনো প্রয়োজন হয় না। তাই গাছে জল দেওয়ার আগে অবশ্যই টবের মাটির আর্দ্রতা ভালোভাবে পরীক্ষা করে নেওয়া উচিত। যদি মাটির উপরিভাগ ভেজা বা স্যাঁতসেঁতে থাকে, তবে ভুলেও জল দেবেন না। মাটি সম্পূর্ণ শুকনো মনে হলেই কেবল পরিমিত পরিমাণে জল দিন। তবে যদি বেশ কয়েকদিন ধরে একটানা বৃষ্টি না হয় এবং আকাশে কড়া রোদ থাকে, তবে খুব সকালে কিংবা সন্ধ্যার সময় হালকা পরিমাণে জল দেওয়াই শ্রেয়।
কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে গাছে জল দেওয়া পুরোপুরি এড়িয়ে চলা উচিত। যেমন— ঠিক বৃষ্টি হওয়ার ঠিক পরপরই, যখন টবের মাটি আগে থেকেই অতিরিক্ত ভেজা থাকে, টবের নিচে জল নিষ্কাশনের ট্রে-তে জল জমে থাকলে এবং আকাশ একটানা মেঘলা থাকলে, যা মাটি শুকাতে বাধা দেয়। গাছে অতিরিক্ত জল জমে যাওয়ার ফলে শিকড়ে প্রয়োজনীয় অক্সিজেন পৌঁছাতে পারে না, যার ফলে উদ্ভিদ ধীরে ধীরে দুর্বল হয়ে মারা যায়।
বর্ষার মরশুমে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো গাছের সঠিক জল নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করা। প্রতিটি টবের নিচে পর্যাপ্ত নিষ্কাশন ছিদ্র থাকা অত্যন্ত জরুরি, যাতে বৃষ্টির অতিরিক্ত জল সহজেই বেরিয়ে যেতে পারে। দীর্ঘ সময় ধরে জল জমে থাকলে ছত্রাকের মারাত্মক সংক্রমণ এবং শিকড় পচে যাওয়ার মতো গুরুতর সমস্যা দেখা দিতে পারে। এছাড়া বর্ষার আর্দ্র আবহাওয়ায় গাছের পাতার দিকেও বিশেষ নজর রাখা দরকার। পাতায় কোনো সাদা বা কালো দাগ কিংবা পচন ধরার লক্ষণ দেখলে সঙ্গে করে সেই আক্রান্ত অংশগুলি কেটে ফেলে দিতে হবে। ইনডোর ও আউটডোর গাছের যত্নেও ফারাক রাখা প্রয়োজন; ঘরের ভিতরের গাছগুলিতে মাটি সম্পূর্ণ শুকিয়ে গেলে তবেই জল দিন, কারণ সেগুলির আর্দ্রতা কম লাগে।