তিরিশের কোঠায় পা দিয়েছেন? অজান্তেই যে ৫ মারাত্মক ভুল করছেন জীবন নিয়ে!

তিরিশের দশকটিকে মানুষের বিকাশের দশক হিসাবে দেখা হয়। কর্মজীবনের উন্নতি, পারিবারিক দায়িত্ব এবং আর্থিক লক্ষ্য পূরণের এই ইঁদুরদৌড়ে অনেকেই অজান্তে সবচেয়ে মূল্যবান সম্পদ স্বাস্থ্যকে অবহেলা করেন। সত্যিটা হলো, অনেক দীর্ঘস্থায়ী রোগ এই দশকেই নীরবে শরীরে বাসা বাঁধতে শুরু করে।
অধিকাংশ মানুষই ত্রিশের পর কিছু মারাত্মক ভুল করে থাকেন। প্রথমত, ঘুমকে বিলাসিতা মনে করে অনেকেই গভীর রাত পর্যন্ত স্ক্রোলিং করেন, যা বিপাকক্রিয়া ও রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে। দ্বিতীয়ত, কোনো উপসর্গ না থাকাকেই প্রকৃত সুস্থতা ধরে নেওয়া। ইনসুলিন রেজিস্ট্যান্স বা উচ্চ রক্তচাপের মতো রোগগুলো কোনো লক্ষণ ছাড়াই নীরবে শরীরে দানা বাঁধে।
তৃতীয়ত, সারাদিন ডেস্কে অলস সময় কাটিয়ে কেবল সপ্তাহান্তে জিমে ঘাম ঝরানো বা ‘উইকেন্ড-ওয়ারিয়র’ সিনড্রোমে আক্রান্ত হওয়া। দিনে ৮ থেকে ১০ ঘণ্টা বসে থাকার ক্ষতি সপ্তাহান্তের দুই ঘণ্টার ব্যায়াম দিয়ে পূরণ হয় না। চতুর্থত, কর্মজীবন ও সংসারের চাপকে স্বাভাবিক ধরে নেওয়া। কর্টিসলের মতো স্ট্রেস হরমোন ক্রমাগত বাড়তে থাকলে তা বার্ধক্য ত্বরান্বিত করে। পরিশেষে, গাড়ি বা বাড়ির নিয়মিত সার্ভিসিং করা হলেও শরীরের ক্ষেত্রে আমরা ডাক্তারের কাছে যাওয়ার জন্য কোনো বড় রোগের অপেক্ষা করি। প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা বা নিয়মিত চেকআপের মাধ্যমেই এই নিঃশব্দ বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব।