সন্তানকে আত্মবিশ্বাসী করে তোলার গোপন চাবিকাঠি কি জানেন?

আত্মবিশ্বাস রাতারাতি তৈরি হয় না, এটি শিশুর দৈনন্দিন অভিজ্ঞতার মধ্য দিয়ে ধীরে ধীরে গড়ে ওঠে। বাবা-মায়ের কিছু ছোট দৈনন্দিন প্রচেষ্টাই পারে সন্তানের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিতে। বিশেষজ্ঞরা বলছেন, কয়েকটি সূক্ষ্ম উপায় মেনে চললেই শিশুদের মনের জোর কয়েকগুণ বাড়ানো সম্ভব।
প্রথমত, রেস্তোরাঁয় গিয়ে সন্তানের হয়ে অর্ডার না দিয়ে তাদের নিজেই ওয়েটারকে বলতে দিন। এই ছোট আলাপচারিতা তাদের যোগাযোগ দক্ষতা ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়াতে সাহায্য করে। দ্বিতীয়ত, গাড়ি চালানোর সময় তাদের দিকনির্দেশনা দিতে বা জিপিএস ট্র্যাকারের সাহায্যে রাস্তা চিনতে সাহায্য নিন, যা তাদের সমস্যা সমাধান করতে শেখায়।
তৃতীয়ত, ঘরের ছোটখাটো কাজের সঙ্গে যুক্ত করার সময় তাদের সাধারণ দায়িত্ব না দিয়ে ‘গাছের তত্ত্বাবধায়ক’-এর মতো কোনো মজার পরিচয় দিন। এতে তাদের মধ্যে যেমন দায়িত্ববোধ তৈরি হয়, তেমনই কাজের উৎসাহ বাড়ে। চতুর্থত, কোথাও বেড়াতে যাওয়ার আগে তাদের নিজেদের পোশাক বা জিনিসপত্র নিজেদেরই গুছিয়ে নিতে দিন। এতে তারা স্বাবলম্বী হয়ে ওঠে। পঞ্চমতন, নতুন কারও সঙ্গে দেখা হলে সন্তানকে নিজের নাম ও পরিচয় নিজে দিতে উৎসাহিত করুন। এই সামাজিক দক্ষতাগুলো তাদের ভবিষ্যতে আরও স্বাধীন ও সক্ষম করে গড়ে তুলবে।