‘ওঁনার জন্যই আজ আমরা বাংলাদেশে নেই!’ শ্যামাপ্রসাদ-জয়ন্তীতে বাম-তৃণমূলকে তীব্র আক্রমণ শুভেন্দুর

পশ্চিমবঙ্গে সাড়ম্বরে পালিত হল ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী। সোমবার সকালে কলকাতার রেড রোডে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে তাঁর মূর্তিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। পরে রাজ্য বিজেপির সদর দফতর মুরলীধর সেন লেনেও শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী।
এই ঐতিহাসিক দিনটিকে স্মরণীয় করে রাখতে নিউটাউনের ইকোপার্ক সংলগ্ন এলাকায় শ্যামাপ্রসাদের ১২৫ ফুট উঁচু মূর্তির শিলান্যাস করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়া এদিন বিকেল ৩টেয় মিলন মেলা প্রাঙ্গণে আয়োজিত মূল অনুষ্ঠানেও বক্তব্য রাখবেন তিনি। রাজ্যজুড়ে মহকুমা, ব্লক ও পুরসভাগুলিতেও একযোগে এই দিনটি পালিত হচ্ছে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন পূর্বতন বাম ও তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, “বিগত ৩৪ বছরের বামফ্রন্ট এবং ১৫ বছরের তৃণমূল সরকার শ্যামাপ্রসাদের আত্মত্যাগ মানুষের মন থেকে মুছে ফেলার চেষ্টা করেছে। আজ তাঁর জন্যই আমরা ভারতমাতার চরণে আশ্রয় পেয়েছি, নইলে আগের পাকিস্তান বা আজকের বাংলাদেশে থাকতে হতো।” তিনি আরও ঘোষণা করেন, রাজ্যের আগামী দিনের পথচলা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও স্বামী প্রণবানন্দের আদর্শ মেনেই হবে। বিদ্যালয়ে যেমন ‘বন্দে মাতরম’ উচ্চারিত হয়, ঠিক সেভাবেই আগামী দিনে বাংলার ঘরে ঘরে শ্যামাপ্রসাদ পূজিত হবেন বলে নিজের স্বপ্নের কথা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী।