যুদ্ধের দামামায় বারুদের স্তূপ হরমুজ! অলৌকিকভাবে পার পেল ভারতীয় জাহাজ

মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইরানের মধ্যে নতুন করে সামরিক সংঘাত শুরু হওয়ায় বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়েছে। হরমুজ প্রণালীতে আকাশপথে যখন মিসাইল আর ড্রোন হামলার বিধ্বংসী খেলা চলছে, ঠিক সেই সময়েই এক অনন্য সাহসিকতার পরিচয় দিলেন ভারতীয় নাবিকরা। যুদ্ধের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ভারতীয় পতাকাবাহী জাহাজ ‘এপিজে প্রীতি টু’ নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করেছে।
এই জাহাজটিতে প্রায় ৬৫,০০০ মেট্রিক টন সার রয়েছে, যা ভারতের কৃষি ক্ষেত্রে এক বড় স্বস্তি। খরিফ মরশুমের ফসল বোনার প্রাক্কালে এই সার পৌঁছানো অত্যন্ত জরুরি ছিল। যে জায়গাটি কয়েক ঘণ্টা আগেই রণক্ষেত্রে পরিণত হয়েছিল, সেখান দিয়ে অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে জাহাজটিকে বের করে এনেছেন ভারতীয় নাবিকরা। ইরান ও আমেরিকার এই দ্বন্দ্বে বর্তমানে ফারসি উপসাগরে বেশ কিছু জাহাজ আটকে পড়লেও, ভারত সরকারের তৎপরতায় এখন পর্যন্ত ৪৪টি জাহাজ নিরাপদে হরমুজ পার হয়েছে।
ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আগারচি জানিয়েছেন, চুক্তির শর্ত মেনে আগামী ৩০ দিনের মধ্যে হরমুজ প্রণালী সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় ফিরবে। তবে ইরানের স্পষ্ট হুঁশিয়ারি, এই অঞ্চলে কোনো বিদেশি হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। এই অস্থির পরিস্থিতির মধ্যেও ভারতের সময়োপযোগী কূটনৈতিক ও কৌশলগত পদক্ষেপ আমাদের দেশের খাদ্য ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করেছে।