ছোটপর্দার ‘ঋষি’ কি প্রেমে পড়েছেন? ডোনাকে ঘিরে জল্পনায় মুখ খুললেন অভিষেক!

বাংলা টেলিভিশনের ড্রয়িং রুমে এখন এক নম্বর ধারাবাহিক ‘জোয়ার ভাঁটা’। উজি ও ঋষির জুটিকে দর্শকদের ভালো লাগার শেষ নেই। অনস্ক্রিন রসায়ন নিয়ে চর্চার মধ্যেই এবার অফস্ক্রিন ব্যক্তিগত জীবন নিয়ে খবরের শিরোনামে ছোটপর্দার ‘ঋষি’ অর্থাৎ অভিষেক বীর শর্মা। নেটিজেনদের দাবি, মন দিয়েছেন নৃত্যশিল্পী ডোনা দেবনাথকে।
সম্প্রতি ‘ডান্স বাংলা ডান্স’ খ্যাত নৃত্যশিল্পী ডোনা দেবনাথের জন্মদিনে তোড়া তোড়া ফুল, কেকসহ একাধিক উপহার পাঠিয়ে খবরের কেন্দ্রবিন্দুতে এসেছেন অভিষেক। এখানেই শেষ নয়, ভিডিও কলে ডোনাকে কেক কাটতে দেখা গিয়েছিলে অভিনেতার উপস্থিতিতেই। এই মুহূর্তের ভিডিও ভাইরাল হতেই নেটপাড়ায় শোরগোল। তাঁদের সম্পর্কের জল্পনায় বাড়তি ঘি ঢালে অতীতের এক ঘটনা—অভিষেকের জন্মদিনে ডোনার কিছু দুঃস্থ শিশুকে খাওয়ানোর ছবি। এমনকী, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা সেই ছবি দেখে নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার করে নিয়েছেন।
একদিকে যেমন তাঁদের প্রেমের খবর দাবানলের মতো ছড়িয়েছে, অন্যদিকে ধারাবাহিকের দর্শক ‘উজি’ ছাড়া ‘ঋষি’র জীবনে অন্য কাউকে মেনে নিতে রাজি নন। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার ঝড় ওঠে। অবশেষে পুরো বিষয়টি নিয়ে মুখ খুলতে বাধ্য হন খোদ অভিনেতা।
সমাজমাধ্যমে অভিষেক বীর শর্মা একটি কড়া পোস্ট করেন। তিনি লেখেন, “আমি দেখছি আমার রিলেশনশিপ স্ট্যাটাস নিয়ে বিস্তর চর্চা চলছে। কাউকে জন্মদিনে উপহার বা ফুল দেওয়ার মানেই এই নয় যে তারা প্রেম করছে, তারা বন্ধুও হতে পারে। আপনারা যে বিশ্রী কাণ্ড ঘটাচ্ছেন তা দয়া করে বন্ধ করুন।” নিজের স্ট্যাটাস পরিষ্কার করে তিনি আরও লেখেন, “আমি সিঙ্গল এবং আগামীতেও তাই থাকতে চাই।”
কিন্তু অভিনেতার এই সাফাইয়ে চিড়ে ভেজেনি নেটনাগরিকদের। অধিকাংশের দাবি, বিশেষ কেউ না হলে কেউ এত কিছু করে না। অভিনেতা হয়তো এখনই ব্যক্তিগত সম্পর্কের কথা জনসমক্ষে আনতে চাইছেন না। উল্লেখ্য, ডোনা দেবনাথ নিজে একজন কোরিওগ্রাফার এবং তাঁর নিজের নাচের স্কুল রয়েছে। বাইক চালনা থেকে শুরু করে ইনস্টাগ্রামে তাঁর জনপ্রিয়তা ঈর্ষণীয়। এখন দেখার, এই ‘বন্ধুত্ব’ ও ‘প্রেম’-এর লড়াইয়ে শেষ পর্যন্ত সত্যটা কি ধামাচাপা পড়ে থাকে, নাকি ভবিষ্যতে অভিষেক-ডোনা তাঁদের সম্পর্কের কথা স্বীকার করেন!