শুভেন্দুর নির্দেশ অমান্য করে শারদ শুভেচ্ছা! শিলিগুড়ির বিতর্কিত পোস্টার ইস্যুতে ফুঁসে উঠলেন মিঠুন?

শুভেন্দুর নির্দেশকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে বিতর্কিত মন্তব্যে শোরগোল ফেললেন মহাগুরু! উত্তর ২৪ পরগনার আগরপাড়ায় ‘আমরা সবাই ইয়ং ম্যানস অ্যাসোসিয়েশন’-এর দুর্গাপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে এসে নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিলেন বিজেপি নেতা তথা বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী। পুজোর আবহে যখন বিজেপি শিবির একজোটে শুভেন্দু অধিকারীর নির্দেশ মেনে ‘শারদীয়া’ শব্দের বদলে ‘দুর্গাপুজো’ বা ‘দুর্গোৎসব’ ব্যবহারের ওপর জোর দিচ্ছে, ঠিক তখনই বিধানসভার স্পিকার রথীন্দ্র বসুর উপস্থিতিতে পুজোর মঞ্চ থেকেই মিঠুন চক্রবর্তী সকলকে ‘শুভ শারদীয়া’র শুভেচ্ছা জানান। দলের শীর্ষ নেতৃত্বের অবস্থানের বাইরে গিয়ে মিঠুনের এই মন্তব্য সামনে আসতেই অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির।

শুধু শব্দপ্রয়োগের বিতর্কই নয়, শিলিগুড়িতে হিন্দু জাগরণ মঞ্চের বিতর্কিত পোস্টার নিয়েও মুখ খোলেন তিনি। ওই পোস্টারে হিন্দুদের দোকান থেকে পুজোর সামগ্রী বা বিরিয়ানি কেনার আর্জি জানানো হয়েছিল। এ বিষয়ে প্রশ্ন করা হলে মিঠুন বলেন, “যে যেরকম ভাবে ভাববে, সেভাবে দেশ চলবে। ওরা যদি ভেবে থাকে হবে।” তাঁর এই প্রতিক্রিয়া নতুন করে বিতর্ক উসকে দিয়েছে। তবে সমস্ত বিতর্কের মাঝেই এদিন নিজের চেনা মেজাজে ধরা দেন মহাগুরু। মঞ্চ থেকে তাঁর বেশ কিছু জনপ্রিয় সংলাপ আউড়ে দর্শনার্থীদের উৎসাহিত করেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিঠুন বলেন, “আগের তুলনায় নতুন সরকার আমলে রাজ্যে পুজোর সংখ্যা অনেক বেড়েছে। এটাই প্রমাণ যে আমরা সকলে মুক্ত বাংলা পেয়েছি।”