তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন অরূপ বিশ্বাসের! তবে কি দলবদল? মুখ খুললেন তিনি

তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ সংকট ও দলীয় আর্থিক লেনদেনে নজিরবিহীন অস্থিরতার মধ্যেই বৃহস্পতিবার বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির অনুষ্ঠানকে কেন্দ্র করে ওঠা বিশৃঙ্খলা ও আর্থিক অনিয়মের মামলায় তাঁকে টানা প্রায় তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা।

তবে জিজ্ঞাসাবাদের পাশাপাশি অরূপ বিশ্বাসের সাম্প্রতিক এক পদক্ষেপ নিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গেছে। প্রাক্তন কোষাধ্যক্ষ হিসেবে তিনি তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য সংশ্লিষ্ট ব্যাংককে চিঠি দিয়েছেন। দলের নতুন নেতৃত্বের নির্দেশ অমান্য করে এই চিঠির নেপথ্যে কী কারণ রয়েছে, তা নিয়ে তীব্র জল্পনা শুরু হয়েছে।

রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, তৃণমূলের ‘আসল’ বা ‘ভালো-খারাপ’—কোন শিবিরে এখন অরূপ বিশ্বাসের অবস্থান? মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত নাকি বিদ্রোহী শিবিরের সঙ্গী, সেই বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে ধোঁয়াশা জিইয়ে রাখেন অরূপ। তিনি বলেন, “আমি তৃণমূলের সঙ্গেই আছি। এবার আপনি বা আপনারা সেটা কী ভাববেন, তা আপনাদের বিষয়। আমি এ নিয়ে এখন কোনো কথা বলব না, যা বলার কোর্টে বলব।”

উল্লেখ্য যে, বিধানসভা নির্বাচনের পর তৃণমূলের সাংগঠনিক কাঠামো কার্যত খানখান হয়ে গেছে। একদিকে বিদ্রোহী বিধায়কদের নিজেদের ‘আসল তৃণমূল’ দাবি, অন্যদিকে দলের তহবিল নিয়ন্ত্রণ নিয়ে অরূপ বিশ্বাসের এই আইনি পদক্ষেপ—সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট ক্যাম্পের ওপর চাপ আরও বাড়ল বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

তদন্তের স্বার্থে আগামী ২২ জুন অরূপ বিশ্বাসকে আবারও তলব করেছে পুলিশ। মেসির ইভেন্ট ঘিরে উদ্যোক্তা শতদ্রু দত্তর তোলা ভয় দেখানো ও টিকিট কালোবাজারির অভিযোগে এই মামলাটি বর্তমানে বেশ সংবেদনশীল পর্যায়ে রয়েছে।