আবাস দুর্নীতির জেরে ধুন্ধুমার দিনহাটা: উদয়ন গুহর গাড়ি লক্ষ্য করে চলল ডিম-জুতো!

প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল দিনহাটা। আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার হওয়ার পর বৃহস্পতিবার তাঁকে আদালতে পেশ করা হয়। স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতাল থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় পথে তাঁর প্রিজন ভ্যান লক্ষ্য করে বিক্ষোভকারীরা ডিম, আলু ও জুতো ছুড়তে শুরু করে বলে অভিযোগ।
পরিস্থিতি সামাল দিতে গিয়ে হিমশিম খায় পুলিশ। বিক্ষোভকারীদের উত্তাল স্লোগান এবং নিরাপত্তার খাতিরে শেষ পর্যন্ত উদয়ন গুহকে মাথায় হেলমেট পরিয়ে আদালতে নিয়ে যেতে হয় পুলিশকে। প্রিজন ভ্যানের ভেতর থেকেই তাঁকে লক্ষ্য করে ‘ভাগ উদয়ন ভাগ’ স্লোগান দিতে শোনা যায় বিক্ষোভকারীদের।
ঘটনার সূত্রপাত আবাস যোজনার দুর্নীতির অভিযোগে দায়ের হওয়া একটি মামলায়। প্রাক্তন মন্ত্রীকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই আজ দিনহাটায় রাজনৈতিক উত্তাপ চরমে ওঠে। আদালত চত্বরে এবং সংলগ্ন এলাকায় বড়সড় কোনো অশান্তি এড়াতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।