চিনি ছেড়েছেন? অজান্তেই শরীরের বড় ক্ষতি করছেন না তো! নতুন গবেষণায় চাঞ্চল্য

স্বাস্থ্যসচেতনরা ওজন কমাতে বা ডায়াবেটিসের ভয়ে খাদ্যতালিকা থেকে চিনি পুরোপুরি ছেঁটে ফেলেন। কিন্তু ‘ENDO 2026’ সম্মেলনে উপস্থাপিত সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। বিজ্ঞানীদের মতে, ডায়েট থেকে সব ধরনের চিনি সম্পূর্ণ বাদ দেওয়া সবসময় সুফল বয়ে আনে না, বরং এতে অন্ত্রের স্বাস্থ্য ও বিপাকক্রিয়ায় বিরূপ প্রভাব পড়তে পারে।
গবেষণা অনুযায়ী, কম চর্বিযুক্ত খাবার থেকে সুক্রোজ বাদ দিলে অন্ত্রের অণুজীবের ভারসাম্য বিঘ্নিত হয়, যা ‘ডিসবায়োসিস’ নামক অবস্থার সৃষ্টি করতে পারে। গবেষণায় দেখা গেছে, চিনিমুক্ত ডায়েট অনুসরণকারী ইঁদুরদের ওজন বাড়েনি ঠিকই, কিন্তু তাদের রক্তে শর্করার নিয়ন্ত্রণ কমেছে, ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়েছে এবং ফ্যাটি লিভারের মতো সমস্যার প্রাথমিক লক্ষণ দেখা দিয়েছে। আসলে, অন্ত্রের ব্যাকটেরিয়া সামগ্রিক রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য গুরুত্বপূর্ণ। চিনি পুরোপুরি বর্জনের ফলে এই ব্যাকটেরিয়ার ভারসাম্য নষ্ট হওয়ায় শরীরে প্রদাহ ও বিপাকীয় জটিলতা বৃদ্ধি পেতে পারে।
তবে গবেষকদের সাফ বার্তা—এটি প্রচুর চিনি খাওয়ার লাইসেন্স নয়। অতিরিক্ত চিনি স্থূলতা ও হৃদরোগের ঝুঁকি বাড়ায়—সেটি অপরিবর্তিত। এই গবেষণার মূল শিক্ষা হলো ‘ভারসাম্য’। প্রক্রিয়াজাত খাবারের চিনি ও প্রাকৃতিক চিনির মধ্যে পার্থক্য বোঝা জরুরি। ফল বা দুগ্ধজাত পণ্যের প্রাকৃতিক চিনি এবং গোটা শস্যের পুষ্টি উপাদানের সঙ্গে শর্করার ভারসাম্য বজায় রাখাই সুস্থতার চাবিকাঠি। তাই ডায়েট থেকে কোনো কিছুই হুট করে পুরোপুরি বাদ না দিয়ে পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী ভারসাম্যপূর্ণ জীবনধারা বজায় রাখাই বুদ্ধিমানের কাজ।