এয়ারলাইন্সের হেনস্থার শিকার দৃষ্টিহীন বিশ্বকাপজয়ী ক্রিকেটার! অভিযোগ ঘিরে তুঙ্গে বিতর্ক

বেঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দরে ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের বিরুদ্ধে উঠল বৈষম্যের গুরুতর অভিযোগ। অন্ধ টি২০ বিশ্বকাপজয়ী ক্রিকেটার লোকেশ সহ একদল দৃষ্টিহীন শিল্পী ও সঙ্গীতজ্ঞ আমেরিকার একটি সাংস্কৃতিক সফরে যাচ্ছিলেন। অভিযোগ, বিমানবন্দর কর্তৃপক্ষের অসংবেদনশীল আচরণ ও অতিরিক্ত মাশুলের জাঁতাকলে পড়ে তাঁদের আমেরিকার সফর প্রায় অনিশ্চিত হয়ে পড়েছিল।
ক্রিকেটার লোকেশ অভিযোগ করেন, এয়ারলাইন্সের কর্মীদের আচরণ ছিল অত্যন্ত আক্রমণাত্মক এবং বৈষম্যমূলক। তিনি জানান, ভিডিও রেকর্ড করার সময় তাঁর মোবাইল কেড়ে নেওয়ারও চেষ্টা করা হয়। অন্যদিকে, এয়ারলাইন্স কর্তৃপক্ষ যাবতীয় অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, নির্দিষ্ট সময়ের মধ্যে অতিরিক্ত ওজনের সামগ্রীর মাশুল (১ লক্ষ ১২ হাজার টাকা) পরিশোধ না করার কারণেই তাঁদের বিমানে উঠতে বাধা দেওয়া হয়েছে। এর সঙ্গে শারীরিক অক্ষমতার কোনো সম্পর্ক নেই।
সমর্থনম ট্রাস্টের সভাপতি জি মহন্তেশ জানান, এয়ারলাইন্স যে পেমেন্ট লিঙ্ক দিয়েছিল, তা এক লক্ষ টাকার বেশি নিতে পারছিল না। ক্রেডিট কার্ডে পেমেন্ট করতে চাইলেও কর্তৃপক্ষ তা গ্রহণ করেনি। দীর্ঘক্ষণ বিমানবন্দর চত্বরে অসহায়ভাবে দাঁড়িয়ে থাকার পর ব্রিটিশ এয়ারওয়েজের সহায়তায় ৬-৭ লক্ষ টাকা অতিরিক্ত খরচ করে বিকল্প টিকিট কেটে তাঁরা আমেরিকার উদ্দেশ্যে রওনা হন। এই ঘটনায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে নাগরিক মহলে।