বিবাহিত জীবনে ভালোবাসাই শেষ কথা—এমন রোমান্টিক ধারণা ভেঙে দিয়ে সম্প্রতি এক বিস্ফোরক মন্তব্য করেছেন প্রখ্যাত বিবাহবিচ্ছেদ আইনজীবী লেনা নগুয়েন। টেক্সাস ও ক্যালিফোর্নিয়ায় আইন পেশায় নিয়োজিত এই আইনজীবী ইনস্টাগ্রাম ভিডিওতে সাফ জানিয়ে দিয়েছেন, “ভালোবাসার জন্য নয়, বিয়ে করুন টাকার জন্য।” তার এই যুক্তি এখন নেটদুনিয়ায় রীতিমতো ভাইরাল।
আইনজীবী নগুয়েনের মতে, বিয়ে কেবল একটি আবেগীয় বন্ধন নয়, বরং এটি একটি ব্যবসায়িক চুক্তি। বছরের পর বছর আদালতে বিচ্ছেদের কারণ বিশ্লেষণ করে তিনি দেখেছেন, আর্থিক টানাপোড়েনই অধিকাংশ সম্পর্কের মৃত্যুর কারণ। তিনি বলেন, “আমরা ভালোবাসার ধারণাকে খুব বেশি রোমান্টিক করি, কিন্তু বাস্তব জীবনে শুধু ভালোবাসায় সংসার চলে না।” বিশেষ করে সন্তান লালন-পালনের ক্ষেত্রে অর্থের গুরুত্ব অপরিসীম। তার মতে, শিশুরা অত্যন্ত পর্যবেক্ষণশীল। তারা তাদের সহপাঠীদের সুযোগ-সুবিধার সঙ্গে নিজেদের জীবনের তুলনা করতে শেখে। অর্থহীন ভালোবাসা সন্তানের স্বপ্ন পূরণ করতে পারে না, বরং তা কেবল সীমাবদ্ধতাই তৈরি করে।
তবে এর অর্থ এই নয় যে, সঙ্গীর প্রতি ভালোবাসার কোনো প্রয়োজন নেই। নগুয়েনের মূল বার্তাটি হলো—সঙ্গী নির্বাচনে আবেগীয় সামঞ্জস্যের পাশাপাশি আর্থিক স্থিতিশীলতা যাচাই করা অত্যন্ত জরুরি। তিনি স্পষ্ট করেছেন, সম্পদ ছাড়া সম্ভাবনা হলো জ্বালানিবিহীন ফেরারি গাড়ির মতো—বাইরে থেকে দেখতে চমৎকার হলেও, তা গন্তব্যে পৌঁছাতে ব্যর্থ। তাই সুখী ও স্থিতিশীল ভবিষ্যতের জন্য অর্থ ও আবেগের সঠিক ভারসাম্য রাখাটাই বুদ্ধিমত্তার পরিচয়।





