তৃণমূল কংগ্রেসে ভাঙন ও বিদ্রোহের আবহ যেন থামার নামই নিচ্ছে না। একের পর এক কাউন্সিলরের পদত্যাগ ও দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশের ঘটনায় অস্বস্তিতে শাসকদল। এবার সেই বিদ্রোহী তালিকায় নাম লেখাতে চলেছেন কলকাতা পুরসভার দীর্ঘদিনের দাপুটে নেতা ও মেয়র পারিষদ তারক সিং। সূত্রের খবর, মঙ্গলবারই তিনি নিজের পদ থেকে ইস্তফা দিতে পারেন।
নেতৃত্বের বিরুদ্ধে তোপ দীর্ঘ ২০ বছরের কাউন্সিলর এবং ১৬ বছর ধরে মেয়র পারিষদ পদে থাকা তারক সিংয়ের গলায় স্পষ্ট শোনা যাচ্ছে দলের প্রতি তীব্র অনাস্থা। সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে সরাসরি ক্ষোভ উগরে দেন। তারক সিংয়ের কথায়, ‘‘যাঁরা দলের কর্মী ও সমর্থকদের সুরক্ষা দিতে পারেন না, তাঁদের কাছে যাওয়ার কোনও মানে নেই। ঠান্ডা ঘরে বসে জ্ঞানের বাণী শোনার আগ্রহ আমার আর নেই।’’ নেতৃত্বকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি আরও বলেন, ‘‘নেতৃত্ব ব্যর্থ। আমাকে দল থেকে বের করে দেবে? দিক, আই ডোন্ট বদার!’’
মমতার বৈঠক এড়িয়ে অস্বস্তি কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাউন্সিলরদের নিয়ে একটি জরুরি বৈঠক ডেকেছিলেন। সেই বৈঠকে তারক সিংয়ের অনুপস্থিতি নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে। কেন তিনি যাননি? এই প্রশ্নের উত্তরে তারক স্পষ্ট জানান, যেসব জায়গায় কর্মীদের সুরক্ষার কথা ভাবা হয় না, সেখানে যাওয়ার কোনও যৌক্তিকতা তিনি খুঁজে পাননি। তিনি আরও দাবি করেন, মেয়র পারিষদ হিসেবে তিনি কলকাতাবাসীকে জল জমার হাত থেকে রক্ষা করতে দায়বদ্ধ, কিন্তু সেই কাজ করতে গিয়ে তিনি বাধার মুখে পড়ছেন। তিনি বদনাম নিয়ে বিদায় নিতে চান না।
রাজনৈতিক মহলে গুঞ্জন তৃণমূলের জন্মলগ্ন থেকে যুক্ত থাকা এই নেতা যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়েও সরব হয়েছেন, তা রাজনৈতিক মহলে বড় আলোড়ন তৈরি করেছে। দলের অন্দরের এই ভাঙন আসন্ন পুরভোটের আগে শাসকদলের জন্য বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে কলকাতা পুরসভার মতো গুরুত্বপূর্ণ জায়গায় এই ধরনের বিদ্রোহ দলের ভিতকে কতটা দুর্বল করে, এখন সেটাই দেখার।
এখন দেখার বিষয়, মঙ্গলবার তারক সিং চূড়ান্ত পদত্যাগের পথে হাঁটেন কি না, নাকি শেষ মুহূর্তের কোনো নাটকীয় পটপরিবর্তন ঘটে।





