সম্প্রতি ‘ফিল্মিগ্যান’-কে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন ও প্রেম নিয়ে সোজাসুজি বোমা ফাটালেন অভিনেত্রী তথা কংগ্রেস নেত্রী অর্চনা গৌতম। বিগ বস খ্যাত এই সুন্দরীর কথা শুনে এখন নেটপাড়ায় হাসির রোল উঠেছে। অর্চনা জানিয়েছেন, একটা সময় তিনি একজন বিশেষ সাংসদের প্রেমে হাবুডুবু খেতেন। সেই নাম আর কেউ নন, খোদ আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা। তবে অর্চনা দীর্ঘশ্বাস ফেলে বলেন, “ক্রাশ তো ছিল, কিন্তু ওর তো বিয়ে হয়ে গেল।” বিগ বসের ঘরে তিনি যে ‘পলিটিশিয়ান’ ক্রাশের কথা বলতেন, তিনি যে রাঘব, তা এবার স্পষ্ট করলেন অর্চনা।
রাঘবের বিয়ে হয়ে যাওয়ায় অর্চনা এবার নতুন করে পাত্রের খোঁজ শুরু করেছেন। তবে তাঁর পছন্দ বড়ই অদ্ভুত। অর্চনা জানান, তিনি শান্ত ও মিষ্টি ছেলে পছন্দ করেন না। তাঁর কথায়, “আমার গুন্ডা টাইপের ছেলে পছন্দ। তবে বাস্তবের অপরাধী নয়, এমন ব্যক্তিত্ব যার সামনে কেউ মুখ খোলার সাহস পাবে না।” তিনি আরও যোগ করেন, যে পুরুষ ‘ধাকড়’ এবং ‘রাউডি’ মেজাজের হবেন, তাঁর কাছেই নিজের হৃদয় সঁপে দিতে প্রস্তুত অর্চনা।
কথায় কথায় উঠে আসে আরেক হ্যান্ডসাম রাজনৈতিক ব্যক্তিত্ব চিরাগ পাসোয়ানের নাম। অর্চনা বলেন, “চিরাগ বেশ ভালো।” এখানেই শেষ নয়, অর্চনা নিজের এক অদ্ভুত ইচ্ছার কথা প্রকাশ করে বলেন, তিনি নিজেও ‘গুন্ডি’ হতে চান। তবে ভয় দেখানোর জন্য নয়, বরং মানুষের সুরক্ষা করার জন্য এই রুদ্রমূর্তি ধারণ করতে চান তিনি।
অর্চনা গৌতমের পরিচয় কেবল গ্ল্যামারে সীমাবদ্ধ নয়। তিনি ২০১৮ সালের ‘মিস বিকিনি ইন্ডিয়া’ এবং আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করেছেন। ‘গ্রেট গ্র্যান্ড মস্তি’ এবং ‘হাসিনা পারকার’-এর মতো ছবিতে অভিনয়ের পাশাপাশি বিগ বস ১৬ এবং খতরোঁ কে খিলাড়ি ১৩-এর মাধ্যমে তিনি ঘরে ঘরে পরিচিতি পান। রাজনৈতিক ময়দানেও তিনি সক্রিয়। ২০২১ সালে কংগ্রেসে যোগ দিয়ে ২০২২-এর উত্তর প্রদেশ নির্বাচনে হস্তিনাপুর থেকে লড়েছিলেন তিনি। যদিও জয়ের স্বাদ পাননি, তবে তাঁর স্পষ্টবাদী মেজাজ তাঁকে সবসময় শিরোনামে ধরে রাখে।





