আর্থিক লেনদেন থেকে শুরু করে সরকারি পরিষেবা— প্যান কার্ড (PAN Card) বর্তমানে আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু আপনি কি জানেন, প্যান কার্ড নিয়ে আয়কর বিভাগের একগুচ্ছ নয়া নিয়ম কার্যকর হতে চলেছে আগামী ১ মে থেকে? নির্দিষ্ট সময়ের মধ্যে জরুরি কিছু কাজ না সারলে আপনার আদরের প্যান কার্ডটি কেবল অকেজো হবে না, বরং আপনাকে গুনতে হতে পারে ১০ হাজার টাকা পর্যন্ত মোটা অঙ্কের জরিমানা।
কেন্দ্রীয় সরকারের জারি করা সর্বশেষ নোটিশ অনুযায়ী, প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করার সময়সীমা ১ মে পর্যন্ত ধার্য করা হয়েছে। যারা এখনও এই কাজ সম্পন্ন করেননি, তাদের কার্ডটি নিষ্ক্রিয় বা ‘Inoperative’ হয়ে যাবে। শুধু তাই নয়, এই সংযুক্তিকরণ না করলে ১ হাজার টাকা পর্যন্ত লেট ফি বা বিলম্বিত জরিমানা দিতে হবে গ্রাহককে। ১ মে-র পর থেকে নিষ্ক্রিয় প্যান কার্ড দিয়ে কোনো আর্থিক লেনদেন করা কার্যত অসম্ভব হয়ে পড়বে।
নতুন নিয়মে আরও জানানো হয়েছে যে, ৫০ হাজার টাকার বেশি নগদ লেনদেনের ক্ষেত্রে প্যান কার্ড এখন থেকে বাধ্যতামূলক। ১ মে থেকে এই নিয়ম আরও কঠোরভাবে পালন করা হবে। আপনি যদি কোনো হোটেল বা রেস্তোরাঁতেও বড় অঙ্কের বিল মেটাতে যান, সেখানেও প্যান কার্ড দাখিল করা জরুরি হতে পারে। কার্ডে যদি নাম, জন্ম তারিখ কিংবা ছবিতে কোনো ভুল থাকে, তবে দ্রুত তা সংশোধন করে নিন। তথ্যে গরমিল থাকলে আয়কর আইন অনুযায়ী ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা হওয়ার সম্ভাবনা রয়েছে।
যাদের আসল প্যান কার্ড হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, তাদের জন্য কেন্দ্রীয় সরকার ‘ই-প্যান’ (e-PAN)-কে অগ্রাধিকার দিচ্ছে। পহেলা মে তারিখের আগেই ডিজিটাল প্যান কার্ড ডাউনলোড করে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে জরুরি প্রয়োজনে সেটি ব্যবহার করা যায়। ডিজিটাল ইন্ডিয়ার লক্ষ্যে ই-প্যান এখন হার্ডকপি প্যান কার্ডের মতোই সমান গুরুত্বপূর্ণ। তাই বড়সড় আর্থিক বিপদ এড়াতে আজই আপনার প্যান কার্ডের স্ট্যাটাস যাচাই করুন এবং প্রয়োজনীয় সংশোধন সেরে ফেলুন।





