নাম বাদ প্রায় ১ কোটি! মাঝরাতে মেগা আপডেট কমিশনের, নিজের নাম চেক করেছেন তো?

রাজ্যজুড়ে ভোটার তালিকার সংশোধনী ঘিরে যে টানটান উত্তেজনা ছিল, সোমবার মাঝরাতে তাতে ইতি পড়ল। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির তত্ত্বাবধানে শেষ হল অ্যাডজুডিকেশন বা স্ক্রুটিনির কাজ। ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫টি অভিযোগের মধ্যে ৫৯ লক্ষ ৮৪ হাজার ৫১২টি মামলার নিষ্পত্তি করেছে কমিশন।
ফলাফল রীতিমতো চমকে দেওয়ার মতো। রাজ্যজুড়ে বাদ পড়েছে প্রায় ৯০ লক্ষ ৮৩ হাজার ৩৪৫টি নাম। মুর্শিদাবাদ জেলায় সবথেকে বেশি অভিযোগ জমা পড়েছিল (১১ লক্ষ ১ হাজার ১৪৫টি), যার মধ্যে ৪ লক্ষ ৫৫ হাজার ১৩৭ জন অবৈধ বলে গণ্য হয়েছেন। এর পরেই রয়েছে মালদহ ও উত্তর ২৪ পরগনা। নদিয়া জেলাতেও ২ লক্ষের বেশি নাম বাদ পড়েছে।
তবে যাদের নাম বাদ পড়েছে, তাঁদের জন্য আশার আলো দেখাচ্ছে ট্রাইব্যুনাল। কমিশন জানিয়েছে, অনলাইন (voter.eci.gov.in) এবং অফলাইন— দুই মাধ্যমেই ভোটাররা পুনর্বিবেচনার জন্য আবেদন করতে পারবেন। বিচারবিভাগীয় আধিকারিকদের এই ম্যারাথন পরিশ্রমে সোমবার রাতেই ১২তম ‘সাপ্লিমেন্টারি’ তালিকা প্রকাশ করা হয়েছে।