হারের হ্যাটট্রিকে বিধ্বস্ত সিএসকে! খাদের কিনারে দাঁড়িয়ে কি ফিরছেন ‘থালা’ ধোনি?

মহেন্দ্র সিং ধোনি নেই, আর তাতেই যেন ছন্নছাড়া দশা পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের (CSK)। আইপিএল ২০২৬-এর শুরুটা একেবারেই সুখকর হয়নি সিএসকে-র জন্য। মরসুমের প্রথম তিন ম্যাচের তিনটিতেই হেরে হারের হ্যাটট্রিক করেছে তারা। বিশেষ করে শেষ ম্যাচে আরসিবির বিরুদ্ধে ২৫০ রান হজম করা সিএসকে সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের ব্যাটে রান নেই, আর বোলাররাও খেই হারিয়ে ফেলছেন বারবার।
তবে এই চরম হতাশার মাঝেই আশার আলো হয়ে দেখা দিয়েছে ধোনির প্রত্যাবর্তনের খবর। চোটের কারণে টুর্নামেন্টের শুরুতে মাঠে নামতে না পারলেও, মাহির শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হচ্ছে। জানা গিয়েছে, সোম ও মঙ্গলবার ধোনির ফিটনেস টেস্ট হবে। সব ঠিক থাকলে দিল্লির বিরুদ্ধে পরের ম্যাচেই মাঠে নামতে পারেন তিনি। যদিও সিএসকে ম্যানেজমেন্ট তাড়াহুড়ো করতে নারাজ, কারণ মরসুমে এখনও ১১টি ম্যাচ বাকি।
ধোনির পাশাপাশি দক্ষিণ আফ্রিকার তরুণ তুর্কি ডেওয়াল্ড ব্রেভিসকে নিয়েও আশাবাদী কোচ স্টিফেন ফ্লেমিং। ফ্লেমিংয়ের মতে, ব্রেভিস পরের ম্যাচেই ফিট হয়ে যেতে পারেন। ধোনি ও ব্রেভিস ফিরলে দলের ব্যাটিংয়ের গভীরতা যেমন বাড়বে, তেমনই অভিজ্ঞতার অভাবে ভোগা বোলিং বিভাগও বাড়তি আত্মবিশ্বাস পাবে। এখন দেখার, মাহির ম্যাজিকেই চেন্নাই তাদের জয়হীন যাত্রার ইতি ঘটাতে পারে কি না।