লোকসভা নির্বাচনের দামামা বাজতেই ফের সক্রিয় হয়ে উঠল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ED)। বিধায়ক জীবনকৃষ্ণ সাহার পর এবার ইডির নজরে রাজ্যের দুই হেভিওয়েট মন্ত্রী সুজিত বসু এবং রথীন ঘোষ। পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে গতি বাড়িয়ে দুই মন্ত্রীকেই তলব করেছে ইডি।
সূত্রের খবর, পুরসভাগুলোতে নিয়োগ সংক্রান্ত দুর্নীতির অভিযোগে সিবিআই আগে তদন্ত শুরু করলেও, এবার আর্থিক লেনদেনের উৎস খুঁজতে তৎপর হয়েছে ইডি। দমকল মন্ত্রী সুজিত বসু এবং খাদ্যমন্ত্রী রথীন ঘোষকে নির্দিষ্ট দিনে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে রথীন ঘোষের বাড়িতে দীর্ঘ তল্লাশি চালিয়েছিলেন তদন্তকারীরা। অন্যদিকে, সুজিত বসুর নামও এই মামলার চার্জশিটে উঠে এসেছিল। নির্বাচনের ঠিক আগে এই জোড়া তলব রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল ফেলে দিয়েছে। বিরোধীরা যখন একে ‘পাপের ফল’ বলছে, শাসকদল তখন একে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ হিসেবেই দেখছে।





