তারকেশ্বরে রক্তক্ষয়ী লড়াই: নিজেদের মধ্যেই সংঘর্ষে রণক্ষেত্র গয়েশপুর, আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় বিজেপি কর্মী

ভোটের উত্তাপে ফের তপ্ত হুগলির তারকেশ্বর। এবার তৃণমূলের পতাকা ছেঁড়াকে কেন্দ্র করে খোদ বিজেপি কর্মীদের মধ্যেই বেঁধে গেল রক্তক্ষয়ী সংঘর্ষ। গয়েশপুরের এই ঘটনায় আক্রান্ত বিজেপি কর্মী নিমাই সামন্তর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, বিজেপি কর্মী কমল সামন্ত তৃণমূলের পতাকা ছিঁড়ে ফেলার চেষ্টা করলে তাঁরই দলীয় সতীর্থ নিমাই সামন্ত এর প্রতিবাদ করেন। এই নিয়েই দুই বিজেপি কর্মীর মধ্যে বচসা চরমে পৌঁছায়। অভিযোগ, কমল সামন্ত বাঁশ ও কাঁচের বোতল দিয়ে নিমাইয়ের মাথায় আঘাত করেন। রক্তাক্ত অবস্থায় নিমাই মাটিতে লুটিয়ে পড়লে এলাকায় শোরগোল পড়ে যায়। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত কমল সামন্তসহ দু’জনকে গ্রেপ্তার করেছে। এই ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। তৃণমূল প্রার্থী রামেন্দু সিংহরায় বিজেপিকে ‘দুষ্কৃতীদের দল’ বলে কটাক্ষ করলেও, বিজেপি জেলা সহ-সভাপতি গণেশ চক্রবর্তীর দাবি— এটি একটি পারিবারিক বিবাদ, যাকে তৃণমূল রাজনৈতিক রঙ দেওয়ার চেষ্টা করছে।