“চুপ করিয়ে দেওয়া হয়েছে, কিন্তু হারিনি”— পদ হারিয়ে বিস্ফোরক রাঘব! পাল্টা ‘ভীতু’ তকমা আপ-এর

আম আদমি পার্টির অন্দরে ফাটল এখন প্রকাশ্য। দলের রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে জনপ্রিয় তরুণ সাংসদ রাঘব চাড্ডাকে। এই সিদ্ধান্তের পরেই সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে রাঘব লিখেছেন, “সাইলেন্সড, বাট নট ডিফিটেড” (চুপ করিয়ে দেওয়া হয়েছে, কিন্তু হার মানিনি)। পদ হারানোর পাশাপাশি তাঁকে যেন সংসদে আর বলতে দেওয়া না হয়, রাজ্যসভার সেক্রেটারিয়েটকে সেই আবেদনও জানিয়েছে আপ। রাঘবের পাল্টা প্রশ্ন— সাধারণ মানুষের ইস্যু তোলা কি তবে অপরাধ?
অন্যদিকে, রাঘবকে আক্রমণ করতে ছাড়েনি অরবিন্দ কেজরীবালের দলও। দলের ন্যাশনাল মিডিয়া চিফ অনুরাগ ধান্দা অভিযোগ করেছেন যে, রাঘব এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলতে ভয় পান। দলের দাবি, জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু ছেড়ে বিমানবন্দরের ক্যান্টিনে সস্তা ‘সিঙাড়া’ নিয়ে কথা বলে সংসদের মূল্যবান সময় নষ্ট করেছেন তিনি। এমনকি গুজরাটে আপ কর্মীদের গ্রেপ্তার বা মুখ্য নির্বাচন কমিশনারের অপসারণের মতো দলীয় ইস্যুতেও রাঘবকে নীরব থাকতে দেখা গেছে। সংসদের অন্দরে মোদীর ভাষণের সময় দলের অন্য সদস্যরা ওয়াক-আউট করলেও রাঘব বসেছিলেন— এই ‘বিদ্রোহী’ আচরণই তাঁর পদ খোয়ানোর প্রধান কারণ বলে মনে করা হচ্ছে।