উত্তরপ্রদেশের হামিরপুরে পারিবারিক হিংসার এক চরম নৃশংস রূপ প্রত্যক্ষ করল দেশবাসী। তুচ্ছ বিবাদের জেরে নিজের স্ত্রীর ওপর পশুর মতো ঝাঁপিয়ে পড়ে তাঁর নাক ও গালের মাংস কামড়ে খুবলে নেওয়ার অভিযোগ উঠেছে ফুল নামক এক ব্যক্তির বিরুদ্ধে। এই পাশবিক হামলায় গুরুতর জখম হয়েছেন গৃহবধূ পানা দেবী, যার ফলে তাঁর মুখমণ্ডল কার্যত বিকৃত হয়ে গিয়েছে।
পুলিশ ও পরিবার সূত্রে খবর, গত কয়েকদিন ধরেই ওই দম্পতির মধ্যে অশান্তি চলছিল। ঘটনার রাতে সেই বিবাদ চরমে পৌঁছালে অভিযুক্ত স্বামী নিয়ন্ত্রণ হারিয়ে স্ত্রীর মুখে কামড় দিতে শুরু করেন। কামড়ের তীব্রতা এতটাই ছিল যে পানা দেবীর নাকের একটি অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ১০টি সেলাই দেন। তবে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ঝাঁসি মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে, যেখানে তাঁর প্লাস্টিক সার্জারি হওয়ার কথা রয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক। পুলিশ মামলা দায়ের করে তল্লাশি শুরু করেছে।





