‘পিং শান’-এর নাটকীয় ইউ-টার্ন, ৭ বছর পর ইরান থেকে ভারতে তেল আসার পথে কেন এই বাধা?

হরমুজ প্রণালী পার হওয়ার পরেই এক চাঞ্চল্যকর মোড় নিল ইরানের তেলবাহী জাহাজ ‘পিং শান’। প্রায় সাত বছর পর ইরান থেকে ভারতের জন্য প্রথম তেলের চালান আসার কথা থাকলেও, মাঝসমুদ্রে হঠাৎ গন্তব্য বদলে সেটি এখন চিনের ডংইং বন্দরের দিকে এগোচ্ছে। জাহাজ পর্যবেক্ষণ সংস্থা ‘Kpler’-এর তথ্য অনুযায়ী, ২০০২ সালে নির্মিত এই আফ্রাম্যাক্স শ্রেণির জাহাজটি প্রথমে ভারতের ভাদিনার বন্দরের দিকে আসার ইঙ্গিত দিয়েছিল, কিন্তু রহস্যজনকভাবে সেটি দক্ষিণমুখী হয়ে চিনের পথ ধরেছে।

২০১৯ সালে মার্কিন নিষেধাজ্ঞার পর ভারত ইরান থেকে তেল আমদানি বন্ধ করে দিয়েছিল। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের অস্থায়ী ছাড়ের (waiver) ফলে ভারতের বাজারে ইরানি তেলের ফেরার সম্ভাবনা তৈরি হলেও পেমেন্ট, বিমা এবং পরিবহণ সংক্রান্ত জটিলতায় সেই প্রক্রিয়া থমকে গেছে বলে মনে করা হচ্ছে। জাহাজটিতে প্রায় ৬ লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল রয়েছে, যা ভারতের নায়ারা এনার্জি বা বিপিসিএল-এর রিফাইনারিতে পৌঁছানোর কথা ছিল। এককালে ভারতের মোট আমদানির ১১.৫ শতাংশ তেল আসত ইরান থেকে। দীর্ঘ প্রতীক্ষার পর এই চালান আসার কথা থাকলেও শেষ মুহূর্তে জাহাজের গতিপথ পরিবর্তন আন্তর্জাতিক মহলে নতুন করে জল্পনা বাড়িয়ে দিয়েছে।