বোনের সম্মান রক্ষায় রণমূর্তি প্রাক্তন সেনার! মুম্ব্রায় তিন শ্লীলতাহানিকারীকে লক্ষ্য করে চলল গুলি

থানের মুম্ব্রা এলাকায় সাতসকালে ঘটে গেল এক হাড়হিম করা ঘটনা। দীর্ঘদিনের শ্লীলতাহানির প্রতিবাদ করতে গিয়ে তিন যুবককে লক্ষ্য করে গুলি চালালেন ৫১ বছর বয়সী প্রাক্তন সেনা সদস্য জয়ন শিবানন্দন নায়ার। গুলিতে আকবর আবদুল শেখ (২৯) নামে এক যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। বাকি দুই অভিযুক্ত, আবদুল হাসান শেখ ও সামির আহমেদ শেখ গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ বিসমিল্লাহ চলের কাছে একটি স্কুলের সামনে এই ঘটনা ঘটে। গত কয়েকদিন ধরেই ওই তিন যুবক নায়ারের পালিত বোনকে রাস্তায় উত্ত্যক্ত করছিল এবং অশ্লীল মন্তব্য ছুড়ে দিচ্ছিল। নায়ার বারবার সতর্ক করলেও তারা শোধরায়নি। বৃহস্পতিবার আবারও শ্লীলতাহানির চেষ্টা চালালে ধৈর্যের বাঁধ ভেঙে যায় প্রাক্তন সেনার। বচসা চলাকালীনই নিজের কাছে থাকা রিভলভার বের করে পরপর পাঁচ রাউন্ড গুলি চালান তিনি।
মুম্ব্রা পুলিশ ঘটনাস্থল থেকেই জয়ন নায়ারকে গ্রেফতার করেছে এবং অস্ত্রটি বাজেয়াপ্ত করেছে। তাঁর বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, নায়ার অত্যন্ত শান্ত প্রকৃতির মানুষ ছিলেন, কিন্তু বোনের সম্মান রক্ষায় তিনি আইন নিজের হাতে তুলে নেন। পুলিশ বর্তমানে ওই যুবতীর বয়ান রেকর্ড করেছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে।