মালদার কালিয়াচকে সাম্প্রদায়িক অশান্তি ও বিচারকদের ওপর হামলার নেপথ্যে থাকা প্রধান অভিযুক্ত মোফাক্কেরুল ইসলামকে গ্রেফতার করল সিআইডি। শুক্রবার বাগডোগরা বিমানবন্দর থেকে তাকে পাকড়াও করা হয়। পেশায় আইনজীবী এবং উত্তর দিনাজপুরের ইটাহারের বাসিন্দা এই মোফাক্কেরুলের বিরুদ্ধে অভিযোগ, ভোটার তালিকায় নাম বাদ যাওয়ার ইস্যুকে হাতিয়ার করে সে সুপরিকল্পিতভাবে উস্কানিমূলক ভিডিও ছড়িয়েছিল। যার জেরে কালিয়াচকে ৭ জন বিচারপতির ওপর শারীরিক হেনস্থার চেষ্টা করা হয়।
সূত্রের খবর, বাংলায় অশান্তি ছড়িয়ে দিয়ে মোফাক্কেরুল নেপালে পালিয়ে যাওয়ার ছক কষেছিল। বিজেপি নেতা সুকান্ত মজুমদারও এই নেপাল যোগের কথা উল্লেখ করেছেন। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, জাল নোট ও আইএসআই কার্যকলাপের জন্য পরিচিত নেপাল সীমান্তকে ব্যবহার করে সে আত্মগোপন বা বাংলাদেশে পালানোর চেষ্টা করছিল। এমনকি গত বছরের মুর্শিদাবাদের হিংসাতেও তার হাত থাকার প্রমাণ মিলেছে।
ঘটনার গুরুত্ব বুঝে নির্বাচন কমিশন নাটকীয়ভাবে সিবিআই-এর হাত থেকে তদন্তভার নিয়ে এনআইএ-কে (NIA) সঁপেছে। এর পিছনে বড়সড় কোনো নাশকতামূলক এজেন্ডা বা সন্ত্রাসী ষড়যন্ত্র থাকার আশঙ্কা করছে কমিশন। বর্তমানে সিআইডির হেফাজতে থাকলেও, খুব শীঘ্রই এনআইএ তাকে নিজেদের জিম্মায় নেবে বলে জানা গেছে।





