বৃহস্পতিবার হাজারিপাড়া মাঠের জনসভা থেকে ভোটারদের উদ্দেশ্যে এক চাঞ্চল্যকর সতর্কবার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, রাজ্যের বিভিন্ন এলাকায় বিজেপির নাম করে কিছু ‘এজেন্সি’ ঘুরে বেড়াচ্ছে, যারা সাধারণ মানুষের কাছ থেকে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর চাইছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, “ভুলেও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দেবেন না। এটি বিজেপির একটি বড় চক্রান্ত।”
মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ভাষণে বলেন, নির্বাচনের মুখে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে এবং প্রতারণার জালে ফাঁসাতে এই ধরণের কৌশল নেওয়া হচ্ছে। ব্যক্তিগত তথ্য শেয়ার করলে বড়সড় বিপদ হতে পারে বলে তিনি জনসভায় উপস্থিত হাজার হাজার মানুষকে সতর্ক করেন। তাঁর কথায়, “ব্যাঙ্ক অ্যাকাউন্ট, পাসওয়ার্ড বা অন্য কোনো গোপন তথ্য কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিকে দেওয়া মানে নিজের নিরাপত্তা বিঘ্নিত করা। আপনার সতর্কতা আপনার অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করবে।”





