কেরলের মালাপ্পুরম জেলার সাধারণ এক সুপারমার্কেট কর্মীর জীবন রাতারাতি বদলে গেল রূপকথার মতো। ৫১ বছর বয়সী এন.ভি. পদ্মনাভন জিতে নিলেন কেরল স্টেট লটারির ‘সামার বাম্পার’ ড্র-এর প্রথম পুরস্কার— যার অর্থমূল্য ১০ কোটি টাকা। মঙ্গলবার সকালে এই খবর ছড়িয়ে পড়তেই খুশির জোয়ার নেদুভার এলাকায়।
গত আট বছর ধরে কোঝিচেনার একটি সুপারমার্কেটে কর্মরত পদ্মনাভন জানান, তিনি নিয়মিত লটারি কেনেন না। গত ২৬ মার্চ কোয়েম্বাটুরের একটি মন্দির দর্শন করে ফেরার পথে পালাক্কাড় থেকে শখের বশে SB 517026 নম্বরের একটি বাম্পার টিকিট কেনেন। সেই সাধারণ সিদ্ধান্তই আজ তাঁকে কোটিপতি করে তুলল।
স্ত্রী স্মিথা ও দুই সন্তানকে নিয়ে পদ্মনাভনের ছোট্ট পরিবার। অভাবের সংসারে এই জয় জীবনের মোড় ঘুরিয়ে দিল বলে মনে করছেন তিনি। ইতিমধ্যেই তিনি তাঁর বিজয়ী টিকিটটি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার স্থানীয় শাখা ম্যানেজারের কাছে জমা দিয়েছেন। লটারি দপ্তর সূত্রে খবর, প্রথম পুরস্কারের পাশাপাশি দ্বিতীয় পুরস্কার ১ কোটি টাকাও বিক্রি হয়েছে পালাক্কাড় জেলা থেকেই।





